ঢাকায় অনলাইন ব্যাংকিংয়ের নিরাপত্তা ঝুঁকি ও সচেতনতা কর্মশালা

সিটিও ফোরাম বাংলাদেশের উদ্যোগে গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘অনলাইন ব্যাংকিংয়ের নিরাপত্তা ঝুঁকি ও সচেতনতা’ বিষয়ক কর্মশালা।
বর্তমানে অনলাইন ব্যাংকিং পদ্ধতির ফলে গ্রাহকরা যেমন নানা সুবিধা পাচ্ছেন তেমনি এর কিছু ঝুঁকিও আছে। অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা এবং ঝুঁকি মোকাবিলার উপায় নিয়ে সিটিও ফোরামের কার্যালয়ে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্যদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার। তিনি বলেন, ‘এই ধরনের কর্মশালা আমাদের জ্ঞানের পরিধি বাড়াবে যার মাধ্যমে যেমন সেবা প্রদানকারী সংস্থার জবাবদিহিতা বৃদ্ধি পাবে তেমনি সাংবাদিকরা জনগণকে সচেতন করার ক্ষেত্রে তাঁদের দায়িত্ব সঠিক পাবে পালন করতে পারবেন।’ এ ধরনের কর্মশালা বিআইজেএফের সদস্যদের জন্য সিটিও ফোরাম নিয়মিত ভাবে আয়োজন করবে বলেও জানান তিনি।
কর্মশালায় মূল প্রবন্ধ পড়েন এয়ারটেল বাংলাদেশের সিআইও লুত্ফর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের নওয়েদ ইকবাল, সৈয়দ মাসুদুল বারী, ড: ইজাজুল হক এবং দেব দুলাল রায়। বিআইজেএফ সভাপতি মুহাম্মদ খান এবং সদস্যরা এই ধরনের কর্মশালা আয়োজন করায় সিটিও ফোরামকে ধন্যবাদ জানান। উক্ত কর্মশালায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনলাইন ব্যাংকিং-এ তাঁদের অভিজ্ঞতা এবং বিভিন্ন দিক উপস্থাপন করেন।