ঢাকায় অ্যাপসের মান উন্নয়নবিষয়ক কর্মশালা
জাতীয় পর্যায়ে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন (অ্যাপ) উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় শুরু হয়েছে পাঁচ দিনের অ্যাপস উন্নয়ন কর্মশালা। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) এ কর্মশালা শুরু হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, ডিজিটাল মাধ্যম আর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীরা সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে কাজ করতে পারবেন। এ জন্য রয়েছে পর্যাপ্ত সুযোগ-সুবিধা।
অনুষ্ঠানে আইসিটিসচিব নজরুল ইসলাম খান বলেন, আসলে অ্যাপসের মাধ্যমে সবার জন্য তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা সম্ভব। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে শিক্ষার্থীদের অ্যাপস তৈরিতে উৎসাহিত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের জাতীয় মোবাইল অ্যাপ তৈরির এ কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, এনএসইউর উপাচার্য আমিন ইউ সরকার, অধ্যাপক মিফতাহুর রহমান, সহযোগী অধ্যাপক কাজী এম এ সালাম, এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক মুবিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ প্রমুখ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের এই উদ্যোগটি ব্যাস্তবায়নে সহায়তা করছে ইএটিএল। —রাহিতুল ইসলাম