ঢাকায় আইপিভি৬ বিষয়ে আলোচনা সভা
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের আয়োজনে গত ৬ জুন বিশ্ব আইপিভি৬ দিবসে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আইপিভি৬ বিষয়ে বাংলাদেশের প্রস্তুতি বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্ব আইপিভি৬ দিবস: আমরা কি প্রস্তুত?’ শীর্ষক এ আয়োজনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘এই উপমহাদেশে সর্বপ্রথম বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের ঢাকা কেন্দ্রে কম্পিউটার স্থাপন করা হলেও আজ আমরা ভারতের তুলনায় অনেক পিছিয়ে রয়েছি। তবে আশার কথা, বর্তমান সরকার এ বিষয়ে অন্তত সবার মধ্যে একটা সচেতনতা গড়ে তোলার উদ্যেগ গ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘সারা বিশ্বে আইপিভি৬ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। আমাদের দেশেও সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, নতুন নিয়ে আসা সব নেটওয়ার্ক পণ্য যেন আইপিভি৬ কমপ্লাই করে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সবাইকে সচেষ্ট হতে হবে।’ সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারকে মৌলিক অধিকারের আওতায় আনতে সাংবিধানে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।আলোচনা সভায় বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি সুমন আহমেদ, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি সৈয়দ ফয়সাল হাসান, আইপিভি৬ ফোরাম বাংলাদেশের সভাপতি এস এম আলতাফ হোসেইন, কিউবি বাংলাদেশের কোর আইপি অ্যান্ড ট্রান্সমিশন-প্রধান মির্জা তানভির ইসলামসহ অনেকে। —বিজ্ঞপ্তি