ঢাকায় আউটসোর্সিং সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ ডিসেম্বর ‘বাংলাদেশ আউটসোর্সিং কনফারেন্স ২০১২’ নামে আউটসোর্সিং সম্মেলনের আয়োজন করছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও বেসিস মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বেসিস সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তিতে দেশের অবস্থান নিয়ে উন্মুক্ত আলোচনা, গ্রাফিক ডিজাইনে বাংলাদেশের মান ও ভবিষ্যৎ লক্ষ্য, দেশের তথ্যপ্রযুক্তি আউটসোর্সিংয়ের সমস্যা ও সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলোচনা হবে। আউটসোর্সিং সম্মেলনে দেশি বক্তাদের পাশাপাশি ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়া থেকে ১২ জন আউটসোর্সিং বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ বক্তব্য দেবেন। এ আয়োজনের সহযোগী হিসেবে থাকছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)। সম্মেলনে বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘আউটসোর্সিং এখন দেশের তরুণদের জন্য এক সম্ভাবনা। এর মাধ্যমে দেশকে বিশ্বের সামনে উপস্থাপন করতেই এ সম্মেলনের আয়োজন। আউটসোর্সিংয়ের মাধ্যমে দেশ কীভাবে এগিয়ে যেতে পারে, তার সমাধান খোঁজা হবে এ সম্মেলনে।’ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের সহসভাপতি শামীম আহসান, নেদারল্যান্ডসে পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক ডিক ডিম্যান ও নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ডের (এনটুএফ) বাংলাদেশ প্রকল্প পরিচালক মার্টিন ল্যাবেসহ আরও অনেকে। সম্মেলনে আরও জানানো হয়, আগামী বছরের ৫-১১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ই-কমার্স সপ্তাহ পালন করবে বেসিস। আর ৬-৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে বেসিস সফটএক্সপো ২০১৩-এর আয়োজন।—জিয়াউর রহমান চৌধুরী