ঢাকায় আজ থেকে ল্যাপটপ মেলা
শুধু ল্যাপটপ কম্পিউটার নিয়ে আবারও ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এ মেলার উদ্বোধন হবে আজ। সকালে উদ্বোধনের পরেই মেলা সবার জন্য খুলেদেওয়া হবে। ‘ঢাকা ল্যাপটপ ফেয়ার-২০১০’ শিরোনামের মেলায় থাকছে নানা আয়োজন। থাকছে নানা ধরনের ল্যাপটপের সম্ভার। মেলার সমন্বয়ক সুলতান মাহমুদ গতকাল মঙ্গলবার জানান, এবার মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা আগের চেয়ে বেশি। আশা করা যায়, মেলায় বিকিকিনি ভালোই হবে। পাশাপাশি মূল্যের ক্ষেত্রেও রয়েছে বিশেষ ছাড়সহ নানা সুবিধা। মেলায় সব শ্রেণীর দর্শক তাঁদের পছন্দ অনুযায়ী ল্যাপটপ পাবেন।এ মেলায় ১৪টি প্যাভিলিয়ন এবং ১০টি স্টলে বিভিন্ন প্রযুক্তি-প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ প্রদর্শন করবে। থাকছে কুইজসহ বিভিন্ন অনুষ্ঠান। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা।টিকিট বিক্রির অর্ধেক অর্থ দুস্থ মানুষের শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে এসার, লেনভো, স্যামসাং ও তোশিবা। প্রমোশনাল পার্টনার হিসেবে থাকছে এইচপি। এছাড়াও সহযোগী হিসেবে আছে রেডিও এবিসি, বিডি জবস ডটকম ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম। —নুরুন্নবী চৌধুরী