ঢাকায় আজ থেকে সফটওয়্যার মেলা
রকমারি সব আয়োজন নিয়ে আজ শুরু হচ্ছে বেসিসের সফটওয়্যার মেলা ‘বেসিস সফটএক্সপো ২০১২’। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এবারের মেলার স্লোগান করা হয়েছে ‘এমপাওয়ারিং নেক্সট জেনারেশন’। দেশি-বিদেশি ১৮০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এ মেলায়। আয়োজক হিসেবে রয়েছে অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) কর্মসূচি। আজ সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। মেলার আহ্বায়ক তামজিদ সিদ্দিক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, এবারের মেলায় সর্বাধিক সংখ্যক ৮০টির বেশি সেমিনার, কারিগরি অধিবেশন এবং উপস্থাপনা থাকছে। এবার বিজনেস লাউঞ্জ, মিডিয়া লাউঞ্জ ছাড়াও নতুন সুবিধা হিসেবে থাকছে ক্লাউড এবং কমিউনিকেশন এলাকা। আর প্রোগ্রামিং প্রতিযোগিতায় এবার গতবারের চেয়ে প্রায় পাঁচগুণ বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। মেলায় বেসিসের সদস্যদের জন্য আরেকটি দারুণ সুযোগ রয়েছে। তা হলো ‘বিজনেস মিট অ্যান্ড ম্যাচ’ নামের আয়োজনে তৈরি পোশাকশিল্প, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের সফটওয়্যার ক্রেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন বেসিসের সদস্যরা। বিভিন্ন ধরনের পণ্য ও সেবা প্রদর্শনের মেলায় মোট সাতটি আলাদা এলাকা থাকছে। সেগুলো হলো: বিজনেস সফটওয়্যার, আউটসোর্সিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ক্লাউড অ্যান্ড কমিউনিকেশন, তথ্যপ্রযুক্তি সেবা, তথ্যপ্রযুক্তি শিক্ষা ও ই-কমার্স জোন। মেলায় বাংলাদেশের ৬৮টি প্রতিষ্ঠান ছাড়াও বাইরের তিনটি দেশের ১২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ আয়োজনে চাকরির মেলাও থাকছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মেলা। শিক্ষার্থী এবং পেশাজীবীরা পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড দেখিয়ে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন। —ইমাম হাসান