ঢাকায় আবার বসেছে উদ্যোক্তা হাট
ঢাকায় আবার শুরু হয়েছে তিন দিনের উদ্যোক্তা হাট। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং ফেসবুক গ্রুপ চাকরি খুঁজব না চাকরি দেবর আয়োজনে দ্বিতীয়বারের মতো ‘উদ্যোক্তা হাট’ ঢাকার ধানমন্ডির উইমেন ভলান্টারি অ্যাসোসিয়েশনে (ডব্লিউভিএ) মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। হাট চলবে আগামী কাল১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
হাটে এবার ৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে হাটের উদ্বোধন করেন ঢাকা চেম্বারের পরিচালক ও দুই হাজার উদ্যোক্তা তৈরি প্রকল্পের চেয়ারম্যান মো. সবুর খান। তিনি বলেন, ‘উদ্যোক্তারা নিজেরাই নিজেদের পথ তৈরি করে নেয়। আমাদের দেশে উদ্যোক্তা তৈরির বিষয়টিকে আরও উৎসাহিত করতে আরও বেশি বেশি বিজনেস ইনকিউবেটর হওয়া দরকার।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ও অগ্রণী ব্যাংকের পরিচালক শামীম আহসান, বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের এসএমই বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক জাহিদ ইবনে হাই, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, উদ্যোক্তা হাটের আহ্বায়ক আসাদ ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, উদ্যোক্তারা উদ্যোগ নিয়ে সফল না হলে কোনো সমস্যা নেই। একবার সফল না হলে পরেরবার চেষ্টা করে যেতে হবে। তবে উদ্যোগ শুরুর আগে সঠিক পরিকল্পনা এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। হাটের আয়োজকেরা জানান, মূলত ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপের উদ্যোক্তাদের সহায়তা করতেই এ হাটের আয়োজন। হাট যেহেতু উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে আর তাই উদ্যোক্তাদের এ হাটে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। ই-কমার্স, তথ্যপ্রযুক্তি, পণ্য, গৃহস্থালি পণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে হাটে।
হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। হাটের সহযোগিতায় রয়েছে বিডি ভেঞ্চার লিমিটেড ও প্রিয়শপ ডট কম। এ ছাড়া হাটের আয়োজন সহযোগী বেসিস। মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আরএস সফটওয়্যার, আপনজোন, অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লিমিটেড। বিস্তারিত: www.facebook.com/uddoktabd।
—নিজস্ব প্রতিবেদক