ঢাকায় এইচপি টেক সিম্পোজিয়াম

দেশে ‘এইচপি টেক সিম্পোজিয়াম’ নামে একটি সম্মেলনের আয়োজন করেছে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ গ্রুপ। ঢাকার সিক্স সিজনস হোটেলে আজ ২৮ জুলাই থেকে শুরু হওয়া এই সিম্পোজিয়াম চলবে ৩০ জুলাই পর্যন্ত। সিম্পোজিয়ামে হিউলেট প্যাকার্ড বা এইচপি তাদের নতুন প্রযুক্তি প্রদর্শন ও সেবা সম্পর্কে জানাচ্ছে।
এইচপি কর্তৃপক্ষ জানিয়েছে, সিম্পোজিয়ামে এইচপির পার্টনারদের মধ্য থেকে শীর্ষ এন্টারপ্রাইজ টেকনিক্যাল আর্কিটেক্টরা অংশ নিয়েছে এই আয়োজনে। ঢাকায় আয়োজিত এবারের সিম্পোজিয়ামে বাংলাদেশ থেকে শতাধিক এবং সার্ক ও ইন্দো-চায়না দেশগুলো থেকে ২৫ জনেরও বেশি কর্মকর্তা অংশ নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হিউলেট প্যাকার্ডের সিনিয়র টেকনিক্যাল আর্কিটেক্টরা এবারের আয়োজনের টেকনিক্যাল ফোরাম ও ল্যাবগুলো পরিচালনা করছেন।
এইচপি কর্তৃপক্ষের দাবি, এন্টারপ্রাইজ ক্ষেত্রের বিভিন্ন মার্কেট ও ব্যবসার জন্য এই সিম্পোজিয়াম খুবই উপকারী ও সহায়ক হবে। এ ছাড়াও এন্টারপ্রাইজ ফোরাম বাংলাদেশসহ সার্ক ও ইন্দো চায়নার অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলোর তথ্য-প্রযুক্তি নির্ভর ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।
হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মাদ ইসমাইলের তত্ত্বাবধানে এই বিশেষ সিম্পোজিয়ামে অতিথি বক্তা হিসেবে রয়েছেন হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ গ্রুপ, এশিয়া ইমার্জিং কান্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বিজয় বালান এবং হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ গ্রুপ এশিয়া ইমার্জিং কান্ট্রিজের প্রি-সেলস ব্যবস্থাপক বরুণা জয়ালাথ।