ঢাকায় এক প্রদর্শনীতে শেখা ও শেখানোর উদ্ভাবনী উপায়
রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চলছে দুই দিনের ‘ইনোভেটিভ টিচিং অ্যান্ড লার্নিং এক্সপো ২০১৭’। গতকাল শুক্রবার সকালে শুরু হওয়া এই প্রদর্শনী আজ শনিবার শেষ হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, গতানুগতিক পাঠ্যপুস্তক ও ক্লাসরুমের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থেকে গুণগত ও মানসম্মত শিক্ষার লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই গতানুগতিক শিক্ষার বাইরে এসে উদ্ভাবনী শিক্ষায় নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এ জন্য অবশ্যই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে।
উদ্ভাবনীমূলক শিক্ষা প্রদানে সহায়ক এমন ৫৮টি প্রকল্প দেখানো হচ্ছে এই প্রদর্শনীতে। গোপালগঞ্জ জেলার ডালনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লতিফা আক্তারের প্রকল্প এতে প্রথম হয়েছে। তাঁর প্রকল্পটি হচ্ছে এমন, জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় মাল্টিমিডিয়া প্রজেক্টরে স্লাইডের মাধ্যমে পাঠদান করানো। এর মধ্যে অনেক বিষয়বস্তু আবার অ্যানিমেশন করা হয়েছে। এতে প্রদর্শিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম বিশেষজ্ঞ মো. শাহ আলম মজুমদারের প্রকল্প দ্বিতীয় হয়েছে।
এই আয়োজনের মধ্যে রয়েছে ৪টি কর্মশালা, ৬টি সেমিনার এবং ১টি রাউন্ড টেবিলসহ বিভিন্ন আয়োজন। ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ শাখার যৌথ উদ্যোগে এই প্রদর্শনী আয়োজিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় শিক্ষাব্যবস্থায় নানা পরিবর্তন এসেছে। নিত্যনতুন উদ্ভাবন শিক্ষা পদ্ধতিকে বিকশিত করছে। এ পরিবর্তনের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এতে আরও বক্তব্য দেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য মুনাজ আহমেদ নূর, ডিআইইউর উপাচার্য ইউসুফ এম ইসলাম, এনসিসি এডুকেশন ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালান নরটন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সারওয়াত রেজা প্রমুখ।