ঢাকায় এবার ল্যাপটপ মেলা

কয়েকদিন আগেই শেষ হল স্মার্টফোন ও ট্যাব এক্সপো। এবারে ‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগানে ১৫ থেকে ১৭ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে ল্যাপটপ মেলা। তিন দিনের এই মেলার আয়োজক এক্সপো মেকার।
মেলা আয়োজকেরা জানিয়েছেন, এক্সপো মেকার দীর্ঘদিন ধরেই দেশে ল্যাপটপ মেলার আয়োজন করে আসছে। এবার হবে ল্যাপটপ মেলার ১৪তম আয়োজন। বরাবরের মতোই এবারের মেলাতেও দেশ ও বিদেশের বিখ্যাত ব্র্যান্ডের পণ্য নির্মাতারা মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।
আয়োজক এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী জানিয়েছেন, ‘গত কয়েক বছর ধরেই ল্যাপটপ মেলা আগ্রহীদের জন্য কাঙ্ক্ষিত একটি আয়োজন। ক্রেতা ও দর্শনার্থীদের যেমন আগ্রহ দেখা গেছে তেমনি প্রযুক্তি-পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোও তাদের পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে।’
নাহিদ আরও জানান, ‘এবারের মেলায় নতুন প্রযুক্তিপণ্য প্রদর্শনের জন্য এবং তরুণদের আগ্রহের কথা মাথায় রেখে ভিন্নধর্মী আয়োজনের ব্যবস্থা করা হবে। মেলায় ৩৮টি স্টল ও ১৫টি স্টল থাকবে। বরাবরেই মতোই পণ্য-বিক্রেতা প্রতিষ্ঠানগুলো যাতে বিশেষ ছাড় ও উপহার নিয়ে মেলায় অংশ নিতে পারে সে ব্যবস্থাও রাখা হচ্ছে।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।