ঢাকায় এল গ্যালাক্সি প্যাড
বাংলাদেশে প্রথমবারের মতো নিজস্ব ট্যাবলেট কম্পিউটার ‘গ্যালাক্সি প্যাড’ প্রদর্শন করেছে স্যামসাং ইলেকট্রনিকস।গত রোববার রাজধানীতে আয়োজিত ‘স্যামসাং করপোরেট নাইট’ নামের জমকালো এক অনুষ্ঠানে স্যামসাংয়ের সাত ইঞ্চি পর্দার এ ট্যাবলেট কম্পিউটার দেখানো হয়। অনুষ্ঠানে স্যামসাংয়ের বাংলাদেশ ব্যবস্থাপক কে এইচ লি বলেন, ‘স্যামসাং ক্রেতাদের জন্য নিত্যনতুন প্রযুক্তি বাজারে আনার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহকসেবাও নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা গ্রাহক চাহিদা বিবেচনা করেই আধুনিক প্রযুক্তির নানা পণ্য বাজারে নিয়ে আসছি। গ্যালাক্সি প্যাড তারই একটি অংশ।’ বাংলাদেশের বাজারে নতুন আসা স্যামসাংয়ের এ কম্পিউটারে রয়েছে জিপিআরএস, এজ ও ওয়াইফাই নেটওয়ার্ক সমর্থন, ১ গিগাহার্টর্জ প্রসেসর, এলইডি ফ্লাশসহ ৩ মেগাপিক্সেলের ক্যামেরা, গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি সমর্থন, ১৬ ও ৩২ গিগাবাইট মেমোরি ইত্যাদি। একে মোবাইল ফোন হিসেবেও ব্যবহার করা যাবে।এতে রয়েছে মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ২.২ সংস্করণ। এর সাহায্যে সহজেই ভিডিও এবং ভয়েস কল করা যাবে।পাশাপাশি রয়েছে সমন্বিত ই-মেইল সেবা, যার মাধ্যমে সহজেই এসএমএস, এমএমএস ও ইমেল করা যাবে। অনুষ্ঠানে স্যামসাংয়ের বিপণন ব্যবস্থাপক মুহাম্মাদ আল ফুয়াদ স্যামসাংয়ের প্রিন্টার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে স্যামসাং গ্যালাক্সি প্যাড ছাড়াও স্যামসাংয়ের অন্যান্য পণ্য ও সেবা প্রদর্শন করা হয়। পরে অতিথিদের জন্য আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জাদুশিল্পী জুয়েল আইচ জাদু প্রদর্শন করেন। —নুরুন্নবী চৌধুরী