ঢাকায় এসিসিএর বার্ষিক ক্যারিয়ার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসিসিএ ক্যারিয়ার ফেয়ার উদ্বোধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তাঁর ডানে এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ।
এসিসিএ ক্যারিয়ার ফেয়ার উদ্বোধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তাঁর ডানে এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ।

শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের এসিসিএ অনুমোদিত প্রতিষ্ঠান এবং চাকরিদাতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার শুরু হয়েছে এসিসিএ ক্যারিয়ার মেলা। ‘দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট’ (এসিসিএ) আয়োজিত এই মেলা চলবে কাল শনিবার পর্যন্ত।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলায় পেশা-সম্পর্কিত পরামর্শ ও তথ্য ছাড়াও শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের জন্য প্রশ্নোত্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে তথ্য জানার সুবিধা থাকবে।

এসিসিএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় শিক্ষার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত অভিজ্ঞ মানবসম্পদ পেশাজীবীদের দিয়ে নিরীক্ষা করাতে পারবেন এবং একই সঙ্গে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন।

এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ বলেন, ‘এসিসিএ ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ার-সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও তথ্য এসিসিএর অনুমোদিত লার্নিং পার্টনারদের কাছ থেকে জানতে পারবেন।’

‘গত বছরের উদ্যোগের পর আমরা বেশ ইতিবাচক মতামত পেয়েছিলাম। অংশগ্রহণকারীরা জানিয়েছিলেন, এই ধরনের উদ্যোগ ক্যারিয়ারের উন্নয়ন এবং প্রস্তুতির জন্য বেশ কার্যকর। এই বছরের উদ্যোগ আরও অধিক অংশগ্রহণকারীর যোগদানে সাফল্য লাভ করবে বলে আশা করছি।’

মেলা উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘কৌশলগত ফাইন্যান্স এবং ব্যবস্থাপনা-সংক্রান্ত দায়িত্বে সাফল্যের লক্ষ্যে এসিসিএর যোগ্যতায় রয়েছে কৌশলগত ব্যবস্থাপনা দক্ষতা ও জ্ঞানের যথাযথ মিশ্রণ। ব্যবসা খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হিসাবরক্ষণ বৈশ্বিক বাজারের মেলবন্ধন হিসেবে কাজ করে। একটি বৈশ্বিক সংগঠনের অন্তর্ভুক্ত হওয়াতে এসিসিএর পেশাজীবীরা স্থানীয় এবং বৈদেশিক বাজারে কাজ করতে সমানভাবে দক্ষ হিসেবে গড়ে উঠবেন।’