ঢাকায় কাল শুরু হচ্ছে ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা৷ ‘টেকশহর ল্যাপটপ মেলা ২০১৪’ নামের তিন দিনের এ মেলার আয়োজন করছে এক্সপো মেকার। গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে মেলার নানা তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালন প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী। তিনি বলেন, ‘সবার জন্য ল্যাপটপ স্লোগান সামনে রেখে শুরু হচ্ছে ল্যাপটপ মেলার ১৪তম আয়োজন৷ মেলায় এইচপি, স্যামসাং, ডেল, আসুস, এসার, এমএসআই, এইচটিএস, টুইনমস, লেনোভো, ফুজিৎসু, গিগাবাইট ইত্যাদি ব্র্যান্ডের স্টল থাকবে৷’ প্রযুক্তিপ্রেমীদের নিয়ে বিশেষ আয়োজন থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা৷ মেলায় থাকছে ২৮টি স্টল ও ১৯টি প্যাভিলিয়ন। অংশ নেওয়া সব প্রতিষ্ঠানই বিশেষ ছাড়ে ল্যাপটপ বিক্রি করবে। সঙ্গে থাকবে উপহার। মেলায় প্রবেশ টিকিটের দাম ২০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে মেলা দেখতে পারবে৷
মেলা শেষ হবে আগামী শনিবার৷ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা মেলা খোলা থাকবে৷
এ মেলা আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি৷ মেলার প্রধান পৃষ্ঠপোষক তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক ওয়েব পোর্টাল টেকশহরডটকম। সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, ডেল, এইচপি ও স্যামসাং। এ ছাড়া মেলার অংশীদার হিসেবে আছে এবিসি রেডিও, এখনিডটকম, বিডিওএসএন এবং ট্রন। বিস্তারিত: www.facebook.com/laptopfair.bd।        
— রাহিতুল ইসলাম