আজ বুধবার থেকে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হয়েছে ‘এআইসি সাউথ এশিয়া কোয়ালিফায়ার্স ২০২২’ শীর্ষক আন্তর্জাতিক ই-স্পোর্টস প্রতিযোগিতা। এরিনা অব ভ্যালর বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া ও মিয়ানমার থেকে আঞ্চলিক পর্বে বিজয়ী আটটি দল অংশ নিয়েছে। ১ এপ্রিল পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো আর্থিক পুরস্কারের পাশাপাশি এরিনা অব ভ্যালর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবে।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, বাংলাদেশ থেকে আঞ্চলিক পর্বে বিজয়ী চ্যাম্পিয়ন, রানার্সআপসহ মোট চারটি দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। দলগুলো হলো ভেনোম ই–স্পোর্টস (চ্যাম্পিয়ন), মারটার্স ব্রুট ফোর্স ডিমেন্টরস (রানার্সআপ), উই ই–স্পোর্টস ওরিয়েন্টাল ফিনিক্স (তৃতীয়) এবং উই ই–স্পোর্টস আরমাডা (চতুর্থ)। দলগুলো পাকিস্তান, কম্বোডিয়া ও মিয়ানমারের আঞ্চলিক পর্ব বিজয়ী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এরিনা অব ভ্যালর বাংলাদেশের কান্ট্রি হেড কাজী আরাফাত হোসেইন জানিয়েছেন, ‘দক্ষিণ এশিয়া পর্যায়ে এত বড় একটি আন্তর্জাতিক ই-স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। এরিনা অব ভ্যালর গেম নিয়ে সারা বিশ্বের গেমারদের বেশ আগ্রহ রয়েছে। আমরা আশা করছি, দক্ষিণ এশিয়া পর্বে বিজয়ী হয়ে বাংলাদেশের একাধিক দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবে।’