ঢাকায় চলছে কম্পিউটার মেলা
ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলছে ‘আইসিটি ২০১৩’ শীর্ষক মেলা। মেলায় রয়েছে বিভিন্ন পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্য প্রদর্শন, শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফিসহ নানা আয়োজন। ‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ স্লোগানে শুরু হওয়া এ মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত। গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এ সময় তিনি বলেন, ‘এখন থেকে মাত্র ১৫ বছর আগে এই বিসিএস কম্পিউটার সিটি যাত্রা শুরু করেছিল। বাংলাদেশে তথ্যপ্রযুক্তির অগ্রগতির শুরুও সেদিন থেকে। এর মধ্যে আমরা সফটওয়্যার রপ্তানি করছি, আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ আয় করছি। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে সরকার আগের মতো এখনো সহযোগিতা করবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হলে তরুণ প্রজন্মকে আরও তথ্যপ্রযুক্তিনির্ভর করতে হবে। এ জন্য তাদের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে হবে বিনা মূল্যে।অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল ইসলাম, পরিচালক মোস্তাফা জব্বার, আমেরিকান চেম্বার অব কমার্সের ইন বাংলাদেশের সভাপতি আফতাব-উল-ইসলাম, বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান আবদুল মান্নান, বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান, মেলার আহ্বায়ক এ এন এম কামরুজ্জামানসহ অনেকে। উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিকেলে মেলায় অনুষ্ঠিত স্যামসাং ডিজিটাল ফটো কনটেস্ট প্রতিযোগিতার উদ্বোধন করেন টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর চুন মুন সুন।মেলার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার ছিল দর্শকদের ভিড়। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান নতুন বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি দিচ্ছে বিশেষ ছাড়। মেলায় আসুস, স্যামসাংয়ের পণ্য কিনলে থাকছে স্ক্র্যাচ কার্ডে নানা উপহার জেতার সুযোগ। এসারের পণ্যের সঙ্গে বিনা মূল্যে পাওয়া যাবে অ্যান্টিভাইরাস। ডেলের ল্যাপটপের সঙ্গে রয়েছে ৮ গিগাবাইট পেনড্রাইভ পাওয়ার সুবিধা।মেলায় কম্পিউটার সোর্স লিমিটেড বিভিন্ন পণ্যের সঙ্গে দিচ্ছে মূল্যছাড়। এ ছাড়া এইচপি ল্যাপটপের সঙ্গে বিনা মূল্যে পাওয়া যাবে উপহার। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সর্বনিম্ন ২২ হাজার থাকায় ল্যাপটপ দিচ্ছে। মেলায় থাকছে একাধিক আলোচনা অনুষ্ঠান, কম্পিউটারবিষয়ক অনুষ্ঠান, বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, গুণীজন সংবর্ধনা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ইত্যাদি।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবে। প্রতিদিন প্রবেশ টিকিটের ওপর রয়েছে র্যাফেল ড্র। আগামীকাল সাপ্তাহিক ছুটির দিনেও মেলা খোলা থাকবে।—রাকিব মোজাহিদ