ঢাকায় চলছে ডেল পিসি ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রযুক্তি খাতে বিশেষায়িত প্রযুক্তিসেবা ‘ডেল পিসি ক্লিনিক’ চালু করেছে ডেল বাংলাদেশ ইনকরপোরেটেড। ডেলের বাংলাদেশি গ্রাহকদের এ সুবিধা দিচ্ছে কম্পিউটার সোর্স লিমিটেড। বিশেষ এ প্রযুক্তিসেবা উপলক্ষে ঢাকার রূপসী বাংলা হোটেলে গত বৃহস্পতিবার শুরু হয় তিন দিনের বিশেষ সেবা মেলা। আজ শনিবার এ আয়োজন শেষ হবে। গত বৃহস্পতিবার বিশেষ এ সেবা মেলার উদ্বোধন করেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির। এ সময় তিনি বলেন, ডেল তার গ্রাহকদের কথা চিন্তা করে বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের সেবা চালু করেছে। বর্তমানে এটি ঢাকায় পরিচালিত হলেও খুব শিগগির এটিকে সারা দেশে সম্প্রসারিত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজ উল্যাহ খান, কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদসহ অনেকে।এ সেবা মেলার আওতায় গ্রাহকেরা বিনা খরচে তাঁদের মেয়াদোত্তীর্ণ ব্যক্তিগত কম্পিউটার (পিসি) ও নোটবুক সারিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তবে কোনো যন্ত্রাংশ প্রয়োজন হলে গ্রাহককে তাঁর জন্য মূল্য পরিশোধ করতে হবে। তিন দিনের মেলায় কম্পিউটার সারিয়ে নেওয়ার পাশাপাশি চলছে লজিটেক ব্র্যান্ডের তারবিহীন কম্পিউটার এক্সেসরিজ ও নরটন অ্যান্টিভাইরাস প্রদর্শন, প্রতি ঘণ্টায় থাকছে কুইজ প্রতিযোগিতা ও র‌্যাফল ড্র। —জিয়াউর রহমান চৌধুরী