ঢাকায় চলছে ডেলের মেলা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ডেল কম্পিউটারের প্রযুক্তিপণ্যের মেলা। ডেল কার্নিভাল নামের দুই দিনের এ মেলা শেষ হবে আজ শনিবার। গতকাল শুক্রবার সকালে শুরু হয় এ মেলা।
ডেল ব্র্যান্ডের পণ্য কিনতে ও দেখতে মেলায় আসছেন সব বয়সী ক্রেতা ও দর্শক। মেলা উপলক্ষে ডেলের বিভিন্ন পণ্যে আছে বিশেষ মূল্য ছাড় ও উপহার। ডেল বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক প্রতাপ সাহা জানান, বাংলাদেশে এবারই প্রথম ডেল কার্নিভালের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘মূলত ডেলের নানা রকম পণ্যের সঙ্গে সাধারণ ক্রেতাদের পরিচয় করিয়ে দেওয়াই এ মেলার উদ্দেশ্য। শুধু বেচাবিক্রি নয়, চলবে প্রদর্শনীও। আমাদের বিশ্বাস, এই কার্নিভাল একসময় আন্তর্জাতিক মেলায় পরিণত হবে।’
মেলায় বাংলাদেশে ডেলের পরিবেশক ও খুচরা বিক্রেতারা অংশ নিচ্ছেন। এতে নেটওয়ার্কিং ও সার্ভার পণ্যও দেখানো হচ্ছে। মেলায় আছে ডেলের বিশেষ ‘পিসি ক্লিনিক’ বুথ। এ বুথে কম্পিউটারবিষয়ক নানা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মেলায় পাওয়া যাচ্ছে ডেলের নতুন ইন্সপাইরন ৭৩৪৭ মডেলের নোটবুক। দর্শনার্থীদের জন্য আছে কুইজসহ নানা আয়োজন। মেলা আজ সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। —রাফাত জামিল