ঢাকায় চলছে ল্যাপটপ মেলা
ঢাকার বিজয় সরণির জাতীয় সামরিক জাদুঘরে শুরু হয়েছে চার দিনের ল্যাপটপ মেলা। আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের আয়োজনে ‘কিউবি ল্যাপটপ মেলা ২০১৩’ শিরোনামের এ মেলা শেষ হবে আগামী সোমবার। গতকাল শুক্রবার বিকেলে মেলার উদ্বোধনকালে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে অবস্থান করছে। আশা করছি, শিগগিরই বাংলাদেশ প্রথম স্থানে চলে আসবে। এ জন্য আমাদের তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখতে হবে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন কিউবি বাংলাদেশের প্রধান নির্বাহী ফয়সাল হায়দার, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে। বক্তারা বলেন, আমাদের সবচেয়ে বড় পাওয়া আমাদের দেশের তরুণ প্রজন্ম যারা প্রযুক্তিকে দেশের স্বার্থে ব্যবহার করছে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের তরুণদের হাতে শুধু ইন্টারনেট পৌঁছে দিলেই তারা দেশকে প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে মোম জ্বালানো হয় এবং অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।এবারের মেলায় থাকছে সাতটি প্যাভিলিয়ন, আটটি মিনি প্যাভিলিয়ন ও ৪২টি স্টল। মেলায় কিউবির নতুন সংযোগ কিনলেই পরবর্তী মাসে প্যাকেজের ব্যবহারসীমা তার দ্বিগুণ ভলিউম ব্যবহার করা যাবে। থাকছে গিগাবাবাইট ও এমএমডির সৌজন্যে গেমিং জোন। ল্যাপটপের পাশাপাশি মেলায় ট্যাবলেট, ওয়াইম্যাক্স ইন্টারনেট ডিভাইস, অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলাপ্রাঙ্গণে বিকাশে অ্যাকাউন্ট খুলে বিনা মূল্যে প্রবেশ করা যাবে। এ জন্য মেলাপ্রাঙ্গণে থাকা বিকাশ বুথে অ্যাকাউন্ট খুলতে হবে। আগামীকাল হরতালেও মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকের। মেলার পৃষ্ঠপোষক কিউবি, এসার, আসুস, এইচপি ও স্যামসাং। সহযোগী এবিসি রেডিও, আসুস, আজকের ডিল, এখনই ডট কম, বিডিওএসএন, ট্রন ও ওরাটর পিআর। মেলার নানা তথ্য পাওয়া যাবে www.facebook. com/laptopfaiৎ.bd ঠিকানায়।—রাহিতুল ইসলাম