ঢাকায় ডিজিটাল বাংলাদেশ নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার প্রণয়নে বিষয়ভিত্তিক জাতীয় সংলাপমালার অংশ হিসেবে স্বশাসিত ও সংবেদনশীল স্থানীয় সরকারব্যবস্থা তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যবহার শীর্ষক খসড়া প্রস্তাবের ওপর গত বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের আয়োজনে বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন অনুষ্ঠিত হয়। সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে স্থানীয় সরকারব্যবস্থার ক্ষেত্রের অগ্রাধিকার চিহ্নিত করে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেন এটুআইয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান এবং পলিসি অ্যাসোসিয়েট ফায়জা আহাদ। খসড়া প্রস্তাবে বিদ্যমান স্থানীয় সরকার কাঠামোতে আইসিটি নীতিমালা ২০০৯-এর আলোকে কীভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে আলোকপাত করা হয়। খবর বিজ্ঞপ্তির।ডিসেম্বরের মধ্যে সারা দেশের সব ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন এবং এর মাধ্যমে সরকারি বিভিন্ন সেবা যেমন—৫০ ধরনের সরকারি ফরম, ই-মেইল, ইন্টারনেটসেবা, জীবন ও জীবিকা-সম্পর্কিত তথ্য প্রদান, জেলা-উপজেলায় ই-সেবাকেন্দ্র স্থাপনের মাধ্যমে কীভাবে সাধারণ মানুষকে সুবিধা প্রদান করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব হোসেনের সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারসহ নীতিনির্ধারক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ অনেকে। www.digitalbangladesh.gov.bd এই ওয়েবসাইটে সংলাপটি সরাসরি প্রচার করা হয়। দেশ-বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তি সংলাপে অংশ নেন এবং মতামত দেন।