ঢাকায় ডিজিটাল সই নিয়ে কর্মশালা
ভার্চুয়াল জগতে নিজ নিজ পণ্য ও সেবার নিরাপত্তার বিষয়টি এখন সামনে চলে এসেছে। এ ব্যাপারে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, পত্র আদান-প্রদানসহ গোপনীয় কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলে প্রযুক্তির সুফল নিশ্চিত করা সম্ভব হবে না। গত সপ্তাহে ঢাকার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটি (সিসিএ) আয়োজিত ‘ই-গর্ভন্যান্স অ্যান্ড ডিজিটাল সিগনেচার’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মিসেস নাজনীন সুলতানা, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সিসিএ নিয়ন্ত্রক জি ফখরুদ্দিন আহমেদ চৌধুরীসহ অনেকে। কর্মশালায় মূল প্রবন্ধ পড়েন ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক জাহিদুর রহমান। —বিজ্ঞপ্তি