ঢাকায় ডেটা সেন্টার বিষয়ক সেমিনার
‘ডেটা সেন্টারের প্রয়োজনীয়তা দেশে দিন দিন বাড়ছে। এ কাজটির জন্য প্রয়োজন ডেটা সংরক্ষণ ও এ খাতে দক্ষ জনবলের।’ গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত ডেটা সেন্টার ও এর ব্যবস্থাপনাবিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা জানান। অ্যাকাডেমি অব ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্সের (এএমএস) আয়োজনে এবং বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারের মূল কারিগরি বিষয়ে আলোচনা করেন পিআই সিঙ্গাপুরের পরামর্শক ও ডেটা সেন্টার বিশেষজ্ঞ অটো ডি রো। তিনি জানান, ডেটা সেন্টারে কাজের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দরকার পর্যাপ্ত প্রশিক্ষণ। এ জন্য যাঁরা কম্পিউটার সায়েন্স, ডিপ্লোমা বা পলিটেকনিক শিক্ষার্থী, তাঁরা আগ্রহী হতে পারেন। সেমিনারে এএমএসের ব্যবস্থাপনা পরিচালক সুফি ফারুক ইবনে আবু বকর ডেটা সেন্টারের গুরুত্ব ও চাহিদার কথা তুলে ধরেন। সেমিনারে বিভিন্ন টেলিকমিউনিকেশন, ব্যাংক-বীমা এবং করপোরেট প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। — ইমাম হাসান