ঢাকায় ফিরছে মানুষ
ইতিহাসের সাক্ষী হওয়ার এটাই সময়
পৃথিবীর যে ব্যাপারগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়, তার মধ্যে ‘ছুটি’ অন্যতম। শুরু হওয়ার আগে মনে হয়, ‘এবার বিশাল ছুটি’। কিন্তু ছুটি শুরু হওয়ার পর কীভাবে যে তা শেষ হয়ে যায়, কিছুই বোঝা যায় না। তখন মনে হয়, ‘ইশ! আরও কয়েক দিন ছুটি যদি পেতাম...’। চ্যানেলগুলোর ঈদের অনুষ্ঠান আবার একেবারেই আলাদা। ১০-১২ দিনব্যাপী এসব অনুষ্ঠান শুরু হয় ঈদের আগে থেকেই। কিন্তু শেষ যে কবে হয়, তা কেউ খেয়াল করে বলে মনে হয় না। মাঝেমধ্যে মনে হয়, ঈদের ছুটি চ্যানেলগুলোর অনুষ্ঠানের মতো ১০ দিনব্যাপী হলে খুব ভালো হতো।
যা হোক, টিভি চ্যানেলগুলোর ঈদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি। কিন্তু ঈদের ছুটি আর আমাদের মধ্যে নেই। ছুটি শেষ। জনগণ তড়িঘড়ি করে যেভাবে ঢাকা ছেড়েছিল, আবার সে রকম তড়িঘড়ি করেই ঢাকায় ফিরে আসছে। ব্যাপারটা অনেকটা বুমেরাংয়ের মতো। বুমেরাং ছুড়ে মারলে যেমন ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসে, মানুষও তেমনই। ঢাকা ছেড়ে গ্রামগঞ্জ ঘুরে আবার ফিরে আসে সেই ঢাকাতেই। না এসেই বা উপায় কী? ঈদের ছুটি শেষেই তো খেলা শুরু হওয়ার কথা। বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা তো আছেই, আছে দারুণ উত্তেজনাময় রাজনীতির খেলাও। বিরোধী দল ঘোষণা দিয়েছে, ২৪ অক্টোবরের পর দেশ অচল করে দেবে। এ জন্যই হয়তো মানুষ ছুটি শেষ করেই দ্রুত ঢাকায় ফিরে আসছে। একটা আস্ত দেশ ঠাস করে অচল হয়ে যাবে, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। দেশ অচল কী করে হয়, কিংবা দেশ অচল হয়ে গেলে কী কী ঘটে—এসব বিরল দৃশ্য উপভোগ করার জন্য শুধু ঢাকার বাইরে থেকে নয়, দেশের বাইরে থেকেও পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে।
এটাই শেষ না, ২৫ অক্টোবর পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছিল ক্ষমতাসীন দল আর বিরোধী দল। আবার গতকাল রোববার থেকে ঢাকা মহানগরের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিটিং, মিছিল, মানববন্ধন, লাঠি মিছিল ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। কী দারুণ রোমাঞ্চকর ব্যাপার! দুই দলই যে জনগণকে নিয়ে সব সময় ভাবে, এটা তারই জলজ্যান্ত প্রমাণ। তাই, যাঁরা এখনো ঢাকায় আসেননি, তাঁরা অবিলম্বে ঢাকায় চলে আসুন। ইতিহাসের সাক্ষী হওয়ার এটাই শ্রেষ্ঠ সময়।