ঢাকায় বুধবার থেকে ল্যাপটপ মেলা
ঢাকায় আগামী বুধবার শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। ‘কিউবি ল্যাপটপ মেলা ২০১০’ শিরোনামে তিন দিনের এই মেলা হবে ঢাকার শেরাটন হোটেলে। ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগান নিয়ে শুরু হতে যাওয়া মেকার কমিউনিকেশন আয়োজিত অষ্টমবারের এই মেলায় থাকছে ল্যাপটপ নিয়ে নানা আয়োজন। এর আগে ঢাকায় চারটি এবং চট্টগ্রামে তিনটি ল্যাপটপ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার নানা আয়োজনের খবর নিয়ে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। সম্মেলনে কিউবির প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ বলেন, ‘ইন্টারনেটের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা দিতে প্রয়োজন কম্পিউটার কিংবা ল্যাপটপ। আর এই সুবিধা বাড়াতেই আমরা মেলার পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছি।’ তিনি জানান, মেলায় কিউবি মডেম কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় থাকছে এবং ল্যাপটপ কিনলেও থাকছে বিশেষ সুবিধা। এ সময় উপস্থিত ছিলেন এইচপি পার্সোনাল সিস্টেম গ্রুপের চ্যানেল বিপণন ব্যবস্থাপক প্রতাপ সাহা, স্যামসাং ইলেকট্রনিকসের যোগাযোগ ব্যবস্থাপক মাহমুদ বি কাইয়ুম, এক্সিকিউটিভ টেকনোলজিসের উপমহাব্যবস্থাপক সালমান আলী খান, স্মার্ট টেকনোলজিসের পণ্য ব্যবস্থাপক এ এস এম শওকত মিল্লাতসহ অনেকে। সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মেলার সমন্বয়ক সৈয়দা ফারজানা জামান। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান নতুন সব ল্যাপটপ প্রদর্শন করবে। মেলায় থাকছে ১৮টি প্যাভিলিয়ন ও ২১টি স্টল। সব মিলিয়ে ৩৯টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। পাশাপাশি নতুন ল্যাপটপও উন্মোচিত হবে মেলায়। ল্যাপটপ কেনার ক্ষেত্রে থাকছে নানা উপহার ও বিশেষ ছাড়ের সুবিধা। মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ২০ টাকা। এই অর্থ দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। মেলার পৃষ্ঠপোষক কিউবি, আসুস, গেটওয়ে, এইচপি, স্যামসাং ও তোশিবা। —নুরুন্নবী চৌধুরী