ঢাকায় বৃহস্পতিবার থেকে স্মার্টফোন ও ট্যাব মেলা

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনের রবি স্মার্টফোন ও ট্যাব মেলা। মেলার আয়োজক এক্সপো মেকার। আজ সোমবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই মেলার কথা ঘোষণা করা হয়।
মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় ছাড় ও বিশেষ উপহার দিয়ে স্মার্টফোন ও ট্যাব বিক্রি করা হবে। মেলার পণ্য বিক্রির পাশাপাশি আধুনিক সব স্মার্টফোন ও ট্যাব প্রদর্শন করা হবে। মেলায় নতুন নতুন প্রযুক্তিপণ্য উন্মুক্ত করা হবে। ১৩ আগস্ট মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
মেলার আয়োজক এক্সপো মেকারের পরিচালন বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, এক্সপো মেকারের আয়োজনে এবার চতুর্থবারের মতো স্মার্টফোন ও ট্যাব এক্সপো হতে যাচ্ছে। এবারে মেলায় স্যামসাং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপো, হুয়াই, ম্যাক্সিমাস, সনি, র্যাংগস, এলিট, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, কন্টিগো, শিয়াওমি, জিওনি, ওয়ানপ্লাস, এইচটিএস, এডাটা, এইচপিএস, গ্যাজেট গ্যাং সেভেন, মেইজু, আইনল, ডিএক্স জেনারেশন ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির কমিউনিকেশন অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর। তিনি বলেন, এবারের মেলার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। মোবাইল ইন্টারনেট সেবা সহজলভ্য করতে সাশ্রয়ী মূল্যে হ্যান্ডসেট নিয়ে এসেছে রবি। ২০১৬ সালের মধ্যে ছোট স্ক্রিনের ডিভাইস নিয়ে ইন্টারনেটে যাওয়ার ক্ষেত্রে শীর্ষস্থানে যাওয়া আমাদের লক্ষ্য। বর্তমানে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারের হার মাত্র সাত শতাংশ। এ ধরনের মেলার আয়োজনে এই ব্যবহার বাড়ার সম্ভাবনা রয়েছে।
মেলায় উপস্থিত ছিলেন সিম্ফনি, গোল্ডবার্গ, এলিট মোবাইল, জেডটিই ব্র্যান্ডের শীর্ষ কর্মকর্তারা। মেলায় বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহার দেওয়ার কথা জানান।
মেলার আয়োজকেরা জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মেলায় বিশেষ প্যাভিলিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি ও ভিডিও প্রদর্শন করা হবে।
মেলা উপলক্ষে এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেজে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে এক্সপো মেকার। এই প্রতিযোগিতায় বিজয়ীরা উপহার হিসেবে ট্যাব ও স্মার্টফোন পাবেন।
মেলা চলবে সকাল ১০টা রাত আটটা পর্যন্ত। মেলার প্রবেশ মূল্য ২০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে ও পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে ঢুকতে পারবে।