ঢাকায় মুক্ত পেশাজীবীদের নিয়ে ওডেস্কের আয়োজন
আউটসোর্সিংয়ে জড়িত মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) নিয়ে ঢাকায় বিশেষ আয়োজন করল অনলাইনে আউটসোর্সিং কাজ পাওয়ার সবাচেয়ে বড় ওয়েবসাইট (অনলাইন মার্কেটপ্লেস) ওডেস্ক (www.odesk.com)।গতকাল বুধবার একটি হোটেলে ‘কন্ট্রাক্টর অ্যাপ্রোসিয়েশন ডে’ নামক এ আয়োজনের প্রথম অনুষ্ঠানে বাংলাদেশের প্রায় চার শতাধিক ফ্রিল্যান্সার অংশ নেন। ভোটের মাধ্যমে বিভিন্ন শহরের মধ্যে নির্বাচিত শহর হিসেবে ঢাকায় এ আয়োজনের প্রথম অনুষ্ঠানটি হলো। এই আয়োজনে উপস্থিত ছিলেন ওডেস্কের মার্কেটপ্লেস অপারেশনের ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার ও কন্ট্রাক্টর (আন্তর্জাতিক বিপণন) মনিকা চুয়া। অনুষ্ঠানে ওডেস্কের দুই প্রতিনিধি ফ্রিল্যান্সারদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি ছিল ছবি তোলার ব্যবস্থা। এ ছাড়া ওডেস্কে প্রায় দুই হাজার ৫০০ ঘণ্টা কাজ করা সেরা কয়েকজনকে সনদ দেওয়া হয়।এর আগে ওডেস্ক বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সারকে এ ব্যাপারে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পাঠিয়েছে। নিবন্ধিত ফরমটি পূরণ করার পর স্বয়ংক্রিয় একটি প্রবেশপত্র নিয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফ্রিল্যান্সারা। অনুষ্ঠানে অংশ নেওয়া ফ্রিল্যান্সার বেসিসের সেরা ফ্রিল্যান্সার পুরস্কার জয়ী শাওন ভুঁইয়া জানান, ‘এটা ছিল বাংলাদেশের ফ্রিলান্সারদের দারুণ একটি মিলনমেলা। ফ্রিল্যান্সাররা এক জায়গায় এসে নিজেদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। এককথায় এটি ছিল বাংলাদেশের ওডেস্ক ফ্রিলান্সারদের একটি অনেক কাঙ্ক্ষিত অসাধারণ মিলনমেলা।’ এর আগে শহর নির্বাচনের জন্য ছিল ভোটিং ব্যবস্থা। বিশেষ এ আয়োজন সামনে রেখে আয়োজিত ভোটিং প্রতিযোগিতায় সেরা শহরের মধ্যে জায়গা করে নিয়েছে ঢাকা। আর তাই ঢাকার পাশাপাশি ওডেস্কের এ আয়োজন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অস্টিন, ফিলিপাইনের ইলিগান ও ম্যানিলায়। ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শহরগুলোতে এ আয়োজন হবে এবং এর বাইরে অন্য শহরগুলোতে অনলাইনে বিশেষ আয়োজনের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে ওডেস্ক। —নুরুন্নবী চৌধুরী