ঢাকায় মেশিন লার্নিং সম্মেলন
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে গত সোমবার চার ঘণ্টা ধরে অনুষ্ঠিত হলো মেশিন লার্নিং সম্মেলন ‘টেনসর ফ্লো ডেভেলপার সামিট ২০১৭’। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) এবং প্রেনিউর ল্যাব এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘কম্পিউটার প্রকৌশলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে তাদের সফটওয়্যার তৈরিতে উৎসাহিত করতে হবে। তা না হলে আমাদের দেশীয় উন্নয়ন কার্যক্রমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রভাব কমানো যাবে না।’
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেন আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের বিশেষজ্ঞ নাইল রহমান, রবির ডিজিটাল সার্ভিসের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন, গ্রামীণফোনের হেড অব অ্যাপ ইকোসিস্টেম জাকিয়া জেরিন, প্রাইম টেকের প্রধান কারিগরি কর্মকর্তা মোহাম্মদ আসিফ আতিক, প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নিজামী এবং উইমেন টেকমেকার্স বাংলাদেশের লিড রাখশান্দা রুখাম।
বিজ্ঞপ্তি