ঢাকায় যন্ত্রপাতি তৈরি প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের আগ্রহী কম্পিউটার প্রকৌশলী, প্রোগ্রামার, ডিজাইনার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকার ধানমন্ডির ইএমকে সেন্টারে যন্ত্রপাতি তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টানা ৪৮ ঘণ্টা চলবে এ প্রতিযোগিতা। ‘মেইক-আ-থন’ নামের এ প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বেটারস্টারিজ লিমিটেড।

গতকাল ঢাকার বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বেটারস্টারিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনোয়ার বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে। প্রতিযোগিতায় ৫০টি দল অংশ নেবে। মেইক-আ-থনের তিন বিজয়ী দলকে আগামী ১০ ও ১১ জানুয়ারি ভারতের আহমেদাবাদে ‘আন্তর্জাতিক মেকারফেস্ট ২০১৫’ প্রতিযোগিতায় পাঠানো হবে।’
সম্মেলনে অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, হ্যাকাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দেওয়া হবে, যেন তাঁরা তাঁদের উদ্ভাবনী শক্তি ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগে এমন কোনো পণ্য তৈরি করতে পারে। সম্মেলনে বক্তৃতা করেন বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দিয়ে সহায়তা করবে টেকশপ বিডি। পাশাপাশি উদ্ভাবিত পণ্যের বাজারজাতেও সহায়তা করা হবে। এ আয়োজনের সহযোগী হিসেবে আছে ইএমকে সেন্টার, আমরা টেকনোলজিস ও দি টেক স্কুল। বিস্তারিত: www.bangladeshstartup.com ঠিকানায়।
—নিজস্ব প্রতিবেদক