ঢাকায় যন্ত্রপাতি তৈরির প্রতিযোগিতা শুরু
‘মেক-আ-থন’ নামে তথ্যপ্রযুক্তিভিত্তিক যন্ত্রপাতি তৈরির প্রতিযোগিতা (হ্যাাকাথন) গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর ধানমন্ডিতে ‘ইএমকে সেন্টারে’ শুরু হয়েছে। প্রতিযোগিতা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।
উদ্বোধনী দিনে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার সিদ্দিক-ই-রাব্বানী। তিনি প্রতিযোগীদের বাংলাদেশি মানুষের সমস্যা সমাধানে মনোযোগী হওয়ার জন্য বলেন। এরপর তিনি নিজের ও তাঁর ছাত্রদের বানানো বিভিন্ন যন্ত্র সবার সমানে তুলে ধরেন।
প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বেটার স্টোরিজ লিমিটেড। বেটার স্টোরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ আনোয়ার বলেন, বাংলাদেশিরা চাইলেই অনেক কঠিন সমস্যার সহজ সমাধান দিতে পারে, বিশেষ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে। সেটার শুরু এ প্রতিযোগিতা।
এই হ্যাকাথনে প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম সরবরাহ করা হয়েছে, যেন তাঁরা তাঁদের উদ্ভাবনী শক্তি ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগে এমন কোনো একটি পণ্য তৈরি করতে পারেন। মেক-আ-থনের বিজয়ীরা আগামী বছরের জানুয়ারি মাসে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক মেকারফেস্ট ২০১৫’-এ অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় সহযোগী টেকশপ বিডি, ইএমকে সেন্টার, আমরা টেকনোলজিস, দ্য টেকস্কুল ও প্রযুক্তি ব্লগ ‘হাইফাই পাবলিক’। —বিজ্ঞপ্তি