ঢাকায় ল্যাপটপ মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলার উদ্বোধন
মেলার উদ্বোধন

‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগানে আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনের ল্যাপটপ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এক্সপো মেকার আয়োজিত টেকশহর ল্যাপটপ মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ও প্রযুক্তিপণ্য ছাড়ে মিলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন, এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া, টেকশহরডটকমের প্রতিনিধি আল আমীন দেওয়ান ও মেলার সহযোগী বাংলাদেশ কমিপউটার সমিতির (বিসিএস) মহাসচিব নজরুল ইসলাম।

প্রধান অতিথি হাসানুল হক ইনু বলেন, ইন্টারনেট তথা তথ্যপ্রযুক্তি বিশ্বকে বদলে দিচ্ছে, বাংলাদেশকেও বদলে দেবে। ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার। গ্রাম-শহর, শ্রেণী বৈষম্য ও ডিজিটাল বৈষম্য দূর করতে সবাইকে ইন্টারনেট, তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত হতে হবে। এজন্য এ খাতের বিকাশে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, একটি মানুষ একটা ল্যাপটপের সঠিক ব্যবহার মানেই একটি নতুন শিল্প তৈরি হওয়া। তাই ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে আগামী বাজেটে ইন্টারনেট থেকে ১৫ শতাংশ শতাংশ ভ্যাট তুলে দেওয়া, সিম কার্ডের উপর কর কমানো ও তথ্যপ্রযুক্তি পণ্যের উপর থেকে নানা ভ্যাট-ট্যাক্স তুলে দিতে হবে।

এক্সপো মেকার কর্তৃপক্ষ জানিয়েছে, সাত বছর ধরে ল্যাপটপ মেলার আয়োজন করা হচ্ছে। এবার ল্যাপটপ মেলার ১৪তম আসর। দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে এই মেলা। এবারের মেলায় ২৮টি স্টল ও ১৯টি প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ডেল, আসুস, এইচপি, স্যামসাং, এসার, এমএসআই, এইচটিএস, টুইনমস, লেনোভো, ফুজিত্সু, গিগাবাইটের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শন চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে প্রবেশ-সুবিধা থাকবে।