ঢাকায় শুরু ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ল্যাপটপ মেলা শুরু হওয়ার পর একটি স্টলে দর্শকদের ভিড় l খালেদ সরকার
গতকাল ল্যাপটপ মেলা শুরু হওয়ার পর একটি স্টলে দর্শকদের ভিড় l খালেদ সরকার

‘প্রযুক্তিতে মুক্তি’ স্লোগান নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে তিন দিনের ল্যাপটপ মেলা। বিকেলে মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ পৃথিবীর অনেক বড় দেশের চেয়ে বড় সম্পদ। সবার কাছে প্রযুক্তিকে সহজলভ্য করলেই হবে না, এর স্থানীয়করণের ওপর নজর দিতে হবে।’ বক্তৃতায় তথ্যমন্ত্রী বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি দোয়েল ল্যাপটপ কম্পিউটারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘দোয়েল চালু হয়েছিল। এখন আছে কি না, জানি না। আপনারা দেখুন দোয়েল কোথায় উড়ে গেল। আমিও খবর নিচ্ছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ কম্পিউটারের সভাপতি আলী আশফাক এবং মেলার আয়োজক এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী।
প্রতিবছরের মতো এবারও মেলায় রয়েছে নানা ধরনের ল্যাপটপ কম্পিউটার। পাশাপাশি পাওয়া যাচ্ছে ট্যাবলেট কম্পিউটার, নিরাপত্তা সফটওয়্যার, স্মার্টফোন এবং প্রযুক্তি অনুষঙ্গ। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি এবারের মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ বাজারে ছাড়া হবে।
বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সকাল ১০টায় মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয় সবার জন্য। প্রথম দিনই মেলায় দর্শকদের ভিড় দেখা যায়। রাজধানীর ধানমন্ডি থেকে আসা শেখ মুনির বলেন, ‘মেলায় এসে খুব ভালো লাগছে। কারণ ল্যাপটপের সঙ্গে এখানে স্মার্টফোনেরও স্টল রয়েছে।’
ল্যাপটপ মেলায় আছে ছাড় ও উপহারের ছড়াছড়ি। ডেল ল্যাপটপে মূল্যছাড়ের সঙ্গে আছে পুরস্কার পাওয়ার সুযোগ। আসুস ল্যাপটপে মিলতে পারে রেফ্রিজারেটরসহ নানা কিছু। এইচপি ল্যাপটপের সঙ্গে বিভিন্ন উপহার পাওয়া যাবে। এসার ল্যাপটপের সঙ্গে প্রতিদিন দুটি করে এলইডি টিভি পুরস্কার পাওয়া যাবে। লেনোভো ল্যাপটপের সঙ্গেও আছে উপহার। মেলায় পাওয়া যাচ্ছে রিভ সিস্টেমসের তৈরি রিভ অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এবার প্রথমবারের মতো অংশ নিয়ে ওয়ালটন তাদের তিনটি সিরিজের ল্যাপটপেই দিচ্ছে ছাড়। আই লাইফ জেইডিএয়ার ১৪ ইঞ্চি মনিটরের দাম ১৬ হাজার ৪৯৯ টাকা। কি-বোর্ডযুক্ত বিজয় ট্যাবলেট কম্পিউটার পাওয়া যাচ্ছে আট হাজার টাকায়।
মেলায় ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন এবং ৪৪টি স্টলে প্রযুক্তিপণ্য দেখানো হচ্ছে। কাল শনিবার পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকে। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। তবে স্কুলশিক্ষার্থী এবং প্রতিবন্ধীরা বিনা মূল্যে মেলা দেখতে পারবেন।