ঢাকায় শুরু হচ্ছে 'স্ল্যাশ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর'

ইউরোপের সবচেয়ে বড় স্টার্টআপ প্রযুক্তি আয়োজন ‘স্ল্যাশ ২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’-এ অংশগ্রহণের জন্য প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ফিনল্যান্ডের হেলসিংকিতে এটি অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে অংশ নিয়ে বিশ্বের বড় বড় অর্থায়নকারী প্রতিষ্ঠানের কাছে নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প তুলে ধরতে পারবেন প্রতিযোগীরা। সেখান থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রকল্প পছন্দ হলে মিলতে পারে বড় অর্থায়ন। বাংলাদেশ থেকে গ্লোবাল ইভেন্টে অংশ নেওয়া তিনজনের মধ্যে থেকে একজনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হবে।
বৈশ্বিক এই বড় আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের দায়িত্ব পেয়েছে এম-ল্যাব। আর এই লক্ষ্যে এম-ল্যাব, স্ল্যাশ এবং ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ২৬ আগস্ট ঢাকায় শুরু হচ্ছে ‘স্ল্যাশ ২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’ শীর্ষক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। এ বছর ১০০টির বেশি দেশ থেকে হেলসিংকিতে ১৫ হাজার দর্শনার্থী এ আয়োজনে অংশ নেবে।
এম-ল্যাব বা মোবাইল ল্যাবরেটরি হচ্ছে এমসিসি লিমিটেডের একটি উদ্যোগ। মোবাইল অ্যাপভিত্তিক উদ্যোক্তা তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে বিকশিত করাই এম-ল্যাবের উদ্দেশ্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আগামী ২৬ আগস্ট ঢাকার ধানমন্ডি ইএমকে সেন্টারে অনুষ্ঠেয় এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের প্রকল্প তুলে ধরবেন। জুরিবোর্ডের সদস্যরা তিনটি প্রকল্পকে হেলসিংকির বৈশ্বিক ইভেন্টের জন্য নির্বাচিত করবেন। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সাক্ষাৎকারের ভিত্তিতে একটিকে সেরা হিসেবে মনোনীত করা হবে। হেলসিংকিতে তাদের ইভেন্টে অংশগ্রহণের যাবতীয় ব্যয় বহন করবে এম-ল্যাব।
এম-ল্যাব জানিয়েছে, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের সবচেয়ে উদ্ভাবনী স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত করা হবে। বিজয়ী প্রতিষ্ঠানগুলো আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি ইউরোপের সবচেয়ে বড় স্টার্টআপ প্রযুক্তি প্ল্যাটফর্মে নিজেদের উদ্ভাবনকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবে। বিস্তারিত এই লিংকে http://bit. ly/ 29 Hkesx
আবেদন পাঠাতে হবে ১০ আগস্টের মধ্যে। বিজ্ঞপ্তি