ঢাকায় সিআইও সম্মেলন অনুষ্ঠিত
ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল প্রধান তথ্য কর্মকর্তাদের (সিআইও) তৃতীয় সম্মেলন। ইউবিএম ইন্ডিয়া লিমিটেডের আয়োজনে প্রধান কারিগরি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়েছেন শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি কর্মকর্তারা। ঢাকার একটি হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব মো. নজরুল ইসলাম খান তথ্যপ্রযুক্তির উন্নয়নের গুরুত্ব এবং এ লক্ষ্যে কাজ করার জন্য শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সবুর খানসহ অনেকে। অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং এমারসন নেটওয়ার্ক পাওয়ার ইন্ডিয়া লিমিটেডের মহাব্যবস্থাপক প্রশান্ত ভাটিয়া তথ্যপ্রযুক্তির বিভিন্ন অবকাঠামোগত বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। সম্মেলনে সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার বলেন, দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে সব তথ্যপ্রযুক্তি কর্মকর্তাকে একসঙ্গে কাজ করার বিকল্প নেই। —নিজস্ব প্রতিবেদক