ঢাকায় সিঙ্গাপুর তথ্যপ্রযুক্তি দিবস পালিত
তথ্যপ্রযুক্তি ব্যবহারে অগ্রগামী দেশ সিঙ্গাপুরে চলতে থাকা ই-ট্রান্সফরমেশনের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গতকাল বুধবার ঢাকায় পালন করা হলো ‘সিঙ্গাপুর আইসিটি ডে ফর সাউথ এশিয়া’। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। আয়োজক ছিল স্বাগতিক বাংলাদেশ। কর্মশালায় একই সময়ে সরাসরি ভিডিও সম্মেলনের মাধ্যমে সার্কভুক্ত দেশ ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার তথ্যপ্রযুক্তির শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। কর্মশালার শুরুতে ভিডিও সম্মেলনের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে সিঙ্গাপুরের হাইকমিশনার ভারগেস মেথুস। কর্মশালায় বক্তৃতা করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গ্লোডস্টেইন। তিনি বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে দেশের মানুষের সমর্থন রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রয়োজনীয়তা অনেক বেশি। কর্মশালায় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব এ কে এম আবদুল আওয়াল মজুমদার বক্তব্য দেন। কর্মশালায় ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের ব্যবস্থাপক অ্যালেক্সান্দ্রা টিনের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের ছয়জন কর্মকর্তা সরকারি কাজ, ই-ট্রান্সফরমেশন, ই-গভর্নেন্সসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রবন্ধে বিস্তারিত তুলে ধরেন। ই-গভর্নেন্স ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে থাকা দেশ সিঙ্গাপুরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে এ ধরনের আয়োজন করা হয় বলে জানা যায়।কর্মশালায় ই-গভর্নেন্স গড়তে অনুকরণীয় বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়। এতে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম আর সিদ্দিকী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক এ কে এম মহসিন, হাইটেক পার্কের পরিচালক শফিকুল ইসলাম, বেসিসের সাবেক সহসভাপতি টি আই এম নূরুল কবির, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসানসহ অনেকে। —নুরুন্নবী হাছিব