ঢাকায় স্মার্টফোনের মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল স্মার্টফোন মেলায় ভার্চু্যয়াল রিয়ালিটি প্রযুক্তি পরখ করে দেখছেন একজন দর্শক l খালেদ সরকার
গতকাল স্মার্টফোন মেলায় ভার্চু্যয়াল রিয়ালিটি প্রযুক্তি পরখ করে দেখছেন একজন দর্শক l খালেদ সরকার

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার প্রদর্শনী ‘টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব মেলা’। সকাল ১০টায় মেলা শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিকেলে।

মেলা উদ্বোধন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘প্রযুক্তিপণ্য উৎপাদনের বিভিন্ন যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক কমানোয় কয়েকটি বিদেশি প্রযুক্তিপ্রতিষ্ঠান বাংলাদেশে পণ্য উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছে।’ দেশে মোবাইল ফোন কারখানা গড়ে তোলার জন্য মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠানের প্রতিও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম বলেন, থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব পাচ্ছে দেশের আইসিটি খাত। মেলার আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিন দিনের এই মেলা কাল শনিবার শেষ হবে।

মেলার প্রথম দিনেই নতুন স্মার্টফোন এনেছে কয়েকটি প্রতিষ্ঠান। শাওমি এনেছে এমআই ৬ মডেলের নতুন স্মার্টফোন। জেনফোন ৩ ম্যাক্স সিরিজের জেডসি ৫৩ কেএল, জেডসি ৫২১ টিএল, জেডসি ৫২০ টিএল এবং জেনফোন লাইভ সিরিজের জেডবি ৫০১ কেএল মডেলের চারটি স্মার্টফোন এনেছে আসুস।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যে বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। মেলায় অপ্পোর এলএফ ৩, এফ ৩ প্লাস এবং এ ৫৭ স্মার্টফোনে রয়েছে উপহার। দ্য গ্র্যান্ড ইনভাইট সুবিধার ঘোষণা দিয়েছে স্যামসাং। সুবিধাটি চালু থাকবে ঈদুল আজহা পর্যন্ত। এর আওতায় ক্রেতারা মূল্যছাড় থেকে শুরু করে উপহারসহ নানা কিছু পাবেন। হুয়াওয়ের স্মার্টফোনে রয়েছে উপহার। সিম্ফনি মেলায় তাদের প্রতিটি স্মার্টফোনে দিচ্ছে ৫ শতাংশ ছাড়। উই ‘বাই ওয়ান গেট ওয়ান’ নামের একটি বিশেষ সুবিধা দিচ্ছে ক্রেতাদের। তাদের নির্দিষ্ট মডেলের কয়েকটি স্মার্টফোন কিনে পাওয়া যাবে আরেকটি স্মার্টফোন। এ ছাড়া বিভিন্ন উপহারও রয়েছে তাদের স্মার্টফোনে। মেলায় ৫০০ টাকা ছাড় দিচ্ছে নকিয়া। ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় রয়েছে ডিসিএলের মোবাইল ফোনে।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতারও। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। এই আয়োজনে সহযোগিতা করছে টেকশহর ডটকম, স্যামসাং, হুয়াওয়ে, সিম্ফনি, উই, অপ্পো, শাওমি, সনি র‍্যাংগস, এডেটা ও পিপলস রেডিও। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।