ঢাকায় হচ্ছে স্থায়ী ল্যাপটপ বাজার
‘ঘরে ঘরে ল্যাপটপ চাই’ স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে নয় দিনের ল্যাপটপ কম্পিউটার প্রদর্শনী। রাজধানীর শান্তিনগরে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় ‘ইস্টার্ন প্লাস বিসিএস ল্যাপটপ বাজার ২০১১’ শীর্ষক প্রদর্শনীতে থাকছে নানা ব্র্যান্ডের ল্যাপটপ প্রদর্শন। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও ইস্টার্ন প্লাস দোকান মালিক সমিতি যৌথভাবে মেলার আয়োজন করছে। এই মেলার মাধ্যমে ইস্টার্ন প্লাসে চালু হচ্ছে ল্যাপটপ কম্পিউটারের বাজার।বিসিএস ল্যাপটপ বাজার উদ্বোধনের প্রাক্কালেগতকাল বুধবার বিসিএস কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনটির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা নতুন প্রজন্মকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করে তৃণমূল পর্যায়ে প্রযুক্তির আলো ছড়িয়ে দিতে চাই। তাই সারা বছর বিভিন্ন মেলাসহ বিভিন্ন কার্যক্রম চলছে।’ তিনি বলেন, রাজধানীর নতুন এই ল্যাপটপ বাজারে ভালো ব্যবস্থাপনার সঙ্গে ভোক্তাদের জন্য প্রয়োজনীয় সেবা ও সহযোগিতার ব্যবস্থা থাকবে। মেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন মেলার আহ্বায়ক নাজমুল আলম ভূঁইয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টার্ন প্লাস দোকান মালিক সমিতির সভাপতি মো. হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক ও প্রদর্শনীর যুগ্ম আহ্বায়ক কাজী হাসিবুর রহমান, বাংলালায়ন কমিউনিকেশনের পরিচালক (অপারেশন) জি এম ফারুক খান, আসুসের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জিয়াউর রহমান, মহাসচিব মজিবুর রহমানসহ অনেকে।সম্মেলনে জানানো হয়, প্রায় ১০ হাজার বর্গফুট জায়গার এ বাণিজ্যকেন্দ্রে থাকছে ৭৪টি ল্যাপটপের দোকান। নয় দিনের এই ল্যাপটপ প্রদর্শনীতে ৫২টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট পিসি, স্মার্ট ফোনসহ সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্য ও সেবা প্রদর্শন করবে। —বায়েজিদ ভূঁইয়া