ঢাকায় হলো পিএইচপি বিশেষজ্ঞদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএইচপির নানা বিষয় নিয়ে পঞ্চমবারের মতো ঢাকায় হয়ে গেল পিএইচপি বিশেষজ্ঞ সম্মেলন-২০১০। ২০০৫ সাল থেকে নিয়মিতভাবে এ সম্মেলনটি হচ্ছে।গত শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে ১৮ জন পিএইচপি বিশেষজ্ঞ ১৮টি বিষয়ের ওপর আলোচনা করেন। বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনের মূল আয়োজক পিএইচপি এক্সপার্ট গ্রুপস (http://tech.groups.yahoo.com/group/ phpexperts)। সম্মেলনের অন্যতম আয়োজক গ্রুপসের প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিনিস্ট্রেটর হাসিন হায়দার বলেন, মূলত পিএইচপি নিয়ে বর্তমান বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলো তুলে ধরাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।সম্মেলনে ‘প্রফেশনালিজম: ইনসাইড আউট’ শিরোনামে অমি আজাদ, নিজে নিজে সার্ভার কনফিগারেশন শিরোনামে এস এম ইব্রাহিম লাভলু, এমভিসি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিষয়ে আরাফাত রহমান, এইচটিএমএল ফাইভ বিষয়ে জাকির হোসাইন, জাভাস্ক্রিপ্ট ওয়াশ বিষয়ে তনু বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়াও সম্মেলনে স্ট্যান্ডার্ড কোডিং, ফেইসবুক গ্রাফ এপিআই, জেকোয়ারি প্লাগিংস ডেভেলপমেন্ট, ডেভেলপিং বেটার পিএইচপি প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পিএইচপি বিশেষজ্ঞরা। সম্মেলনে সব মিলিয়ে ৩৮৩ জন প্রোগ্রামার অংশ নেন। আগ্রহী ব্যক্তিদের জন্য সম্মেলন কক্ষের বাইরের ক্যাফেতে বসে প্রজেক্টরে সরাসরি সম্মেলন দেখার সুযোগও ছিল। সম্মেলনে ছিল তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা এবং ছিল পুরস্কার। পুরো আয়োজন সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করে কমজগত ডট কম। —নুরুন্নবী চৌধুরী