ঢাকায় হলো রোবোটের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোবট তৈরির আন্তর্জাতিক একটি প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব গতকাল সোমবার রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সারা দিন ধরে চলে রবি-প্রথম আলো গ্লোবাল রোবোটিক চ্যালেঞ্জ বাংলাদেশ পর্ব নামের এ প্রতিযোগিতা। এর আয়োজন করে ইঞ্জিনিয়ার্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএবি)। প্রতিযোগিতার দুইটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।ইন্টারন্যাশনাল রোবটস গট ট্যালেন্টস (আইআরজিটি) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেবুয়েট (রাফি) দল।এ দলের সদস্যরা হলেন আহমেদ উল্লাহ, সাফায়েত হোসেন ও কাওসার আলম।ইন্টারন্যাশনাল অটোনোমাস রোবোটিক চ্যালেঞ্জ (আইএআরসি) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চুয়েটের ডিসেপটিকনস দল। এ দলের সদস্যরা হলেন আহমেদ নাসির হোসেন, সজল আহমেদ, সাদিয়া নওশীন ও সাবির হোসেন। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এবাদ জাহির, খলিলুর রহমান ও সুকর্ণ বড়ুয়া। প্রতিযোগিতায় আরএআরসিতে ২৬ ও আইআরজিটিতে ছয়টিসহ মোট ৩২টি দল অংশ নেয়।সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্ম সচিব মোহাম্মদ আলী খান। তিনি বলেন, ‘দেশের তরুণদের নিয়ে এ ধরনের প্রতিযোগিতা হলে বিজ্ঞানচর্চা ও এর প্রসার বাড়বে।’ ইএসএবির সহসভাপতি আসিফ আল হাই বলেন, ‘দেশের নানা সমস্যা সমাধান করা যাবে এমন অনেক প্রকল্প ও রোবট এসেছে এ প্রতিযোগিতায়।’চ্যাম্পিয়ন দল দুটি আগামী ১৪-১৭ মার্চ ভারতের কানপুরের আইআইটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এ আয়োজনে পৃষ্ঠপোষক ছিল রবি ও প্রথম আলো। সহযোগী হিসেবে ছিল বাংলাদেশওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও টেকশপ। —জিয়াউর রহমান চৌধুরী