ঢাকায় হলো সার্ক টেক সামিট
সিটিও ফোরাম বাংলাদেশ এবং ইনফোকম কলকাতার আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত দুই দিনের সার্ক টেক সামিট-২০১৭ শেষ হয়েছে গতকাল শনিবার। ‘ডিজিটাল ট্রান্সফর্মেশন’ অর্থাৎ ডিজিটাল রূপান্তরকে প্রাধান্য দিয়েই এ সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সাইবার সিকিউরিটি নিশ্চিত করা এবং নারী ও প্রবীণ জনগোষ্ঠীকে দেশের ডিজিটাল রূপান্তরের আওতায় নিয়ে আসাকে সরকার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। প্রান্তিক মানুষকে এখন ডিজিটাল সেবা দেওয়া এবং সেবার মান উন্নত করাই সরকারের লক্ষ্য।
সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার এতে বলেন, ডিজিটাল রূপান্তর একেক মানুষের জন্য একেক রকম। যদিও এবারের থিম ডিজিটাল রূপান্তর, তবু মূল গুরুত্বের জায়গাটি আসলে সাইবার সিকিউরিটি। কারণ প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি ঝুঁকি। কোনো সঠিক করণীয় নির্ধারণ না করেই পুরোপুরি প্রযুক্তিনির্ভর হলে হ্যাকিংয়ের ঝুঁকি থেকেই যায়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
আয়োজকেরা বলেন, বাংলাদেশ, ভারতসহ সার্কভুক্ত অন্যান্য দেশের তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে পরস্পর মতবিনিময় এবং সাইবার সিকিউরিটির নিরাপত্তার বিষয়টিকে কীভাবে আরও জোরদার করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে তথ্যপ্রযুক্তিভিত্তিক নয়টি সেশনের মধ্যে বিগডাটা, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল বিজনেজ সিকিউরিটির মতো বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়েছে। এসব সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।
বিজ্ঞপ্তি