ঢাকায় হিসাবরক্ষণ সফটওয়্যারের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হিসাবরক্ষণ সফটওয়্যার প্রশিক্ষণ’ কর্মশালা। শনিবার বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় মুক্ত হিসাবরক্ষণ সফটওয়্যার জিএনইউ ক্যাশ সফটওয়্যারের নানা বিষয় তুলে ধরেন এমএফ ইনফোটেকের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) ফাহিম ইসলাম। বিডিওএসএনের ফেসবুকভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ (www.facebook.com/groups/uddokta) গ্রুপ এবং মুক্ত সফটওয়্যারবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান এমএফ ইনফোটেকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় সফটওয়্যারটির বর্ণনামূলক আলোচনার পাশাপাশি এর প্রায়োগিক কৌশলের নানা বিষয় শেখানো হয়। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা ছাড়াও নতুন উদ্যোক্তারা অংশ নেন। কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, এমএফ ইনফোটেকের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের প্রশাসক সাজ্জাত হোসাইন, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদ, আউটবাউন্ড ঢাকার সমন্বয়ক পার্থ সারথি করসহ অনেকে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও করা হবে বলে কর্মশালায় জানানো হয়। —নিজস্ব প্রতিবেদক