ঢাকায় হয়ে গেল সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতা
ঢাকায় গতকাল শনিবার হয়ে গেল ‘কাজী আজহার আলী সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৩’। এই কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায়৪২টি বিশ্ববিদ্যালয়ের ৭৯টি দল অংশ নেয়। ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রোগ্রামিং দলগুলোর সঙ্গে ভারত ও নেপালের দুটি দল অংশ নেয়। বাংলাদেশ ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে।সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট জোকার’ দল। এ দলে ছিলেন হাফিজ উদ্দিন, প্রসেঞ্জিৎ বড়ুয়া ও নাজমুল হাসান। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাংরি বার্ড’ (জোবায়ের হাসান, মো. রিজওয়ান ও মোস্তাক মন্ময়) ও বুয়েটের ‘বুয়েট মেরি এনজাম’ দল (ইনজাম হোসেন, প্রিয়তী মজুমদার ও রেজাউর রহমান চৌধুরী)। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক।এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি কাজী জামিল আজহার। প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। সার্ক প্রোগ্রামিং প্রতিযোগিতা সম্পর্কে মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘এ রকম সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ হয়ে ওঠে নতুন প্রজন্মের প্রোগ্রামাররা। নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা দরকার।’ —রাকিব মোজাহিদ