ঢাকায় হয়ে গেল হ্যাকাথন
চলমান সময়ে শিক্ষা, যোগাযোগ থেকে শুরু করে চিকিৎসা বা স্বাস্থ্য সব খাতেই তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ছে। এতে মানুষের সেবা পেতে যেমন কম সময় লাগছে তেমনি অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানও হচ্ছে মুহূর্তেই। বাংলাদেশের চিকিৎসা ও স্বাস্থ্য খাতেও এ রকম তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। শুক্রবার থেকে শুরু হওয়া স্যানিটেশন হ্যাকাথনের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ঢাকার একটি হোটেলে স্যানিটেশন-বিষয়ক এ হ্যাকাথন শেষ হয়েছে গতকাল শনিবার। একই সময়ে বিশ্বের আরও ১১টি দেশে এ রকম হ্যাকাথনের আয়োজন করা হয়। বাংলাদেশে ৩৬ ঘণ্টার এ হ্যাকাথনে ৩৫০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তথ্যপ্রযুক্তিপ্রতিষ্ঠানের কনিষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। এতে বেশির ভাগ হ্যাকার স্যানিটেশন-ব্যবস্থাকে আধুনিক করতে প্রযুক্তিনির্ভর জরিপব্যবস্থা প্রস্তাব করেছেন। বিশ্বব্যাংক এসব হ্যাকারের প্রস্তাবিত উদ্ভাবনী সমাধানগুলো থেকে বাছাই করা সেরা কয়েকটি সমাধান নিয়ে গবেষণা ও ব্যবহারের উপযোগী করতে কাজ করবে। হ্যাকাথনের প্রথম দিন শুক্রবার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে হ্যাকাথনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের অপারেশন পরামর্শক ক্রিস্টিন কিম, বিশ্বব্যাংকের পানি ও স্যানিটেশন প্রকল্পের আঞ্চলিক স্যানিটেশন বিশেষজ্ঞ মার্ক ইলারি, কমিউনিকেশন স্পেশালিস্ট মিরভা মইলালেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মতিন ও অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রমুখ। গতকাল রাতে সমাপনী অনুষ্ঠানে সেরা ছয়টি উদ্ভাবনী সমাধানকে পুরস্কৃত করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।মিরভা মইলালেন প্রথম আলোকে জানান, বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে মেধাবী অনেক তরুণ রয়েছেন। আবার অনেক মানুষের মুঠোফোন বা তথ্যপ্রযুক্তির ছোট ছোট মাধ্যমগুলো ব্যবহারের সুযোগ আছে। এসব সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্যানিটেশন-ব্যবস্থার উন্নয়ন সম্ভব। —জিয়াউর রহমান চৌধুরী