ঢাকায় ২৫ ডিসেম্বর থেকে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড
২৫ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড’ নামে পাঁচ দিনের বিশেষ তথপ্রযুক্তির প্রদর্শনী মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নিয়মিত আয়োজনে পঞ্চমবারের মতো আয়োজিত এ মেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ‘তথ্যপ্রযুক্তি হোক শিক্ষার বাহন’ স্লোগানে অনুষ্ঠেয় এবারের মেলায় বিশ্বের তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক ও সর্বশেষ সংস্করণগুলোর পাশাপাশি দেশীয় উদ্ভাবিত নানা প্রকল্পও প্রদর্শন করা হবে। গত বৃহস্পতিবার ঢাকার বিসিএস কার্যালয়ের সম্মেলনকক্ষে মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি মো. ফয়েজউল্যাহ খান, সহসভাপতি মঈন ইসলাম, পরিচালক মোস্তাফা জব্বারসহ অনেকে। সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন মেলার আহ্বায়ক মো. শাহিদ-উল-মুনীর। তিনি জানান, ২০০৮ সাল থেকে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড নামে তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এবার তুলনামূলক বৈচিত্র্যময় ও আড়ম্বর করে আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রদর্শনীতে ডিজিটাল জীবনধারাভিত্তিক পণ্য ও সেবাও প্রদর্শন করা হবে।সম্মেলনে জানানো হয়, বিসিএস আইসিটি ওয়ার্ল্ডে ৫২টি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান অংশ নেবে। প্রদর্শনীতে থাকবে নয়টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন। পাঁচ দিনের আয়োজনে আরও থাকবে আউটসোর্সিং, ই-শিক্ষা, চতুর্থ প্রজন্মের ইন্টারনেটসহ কয়েকটি পৃথক সেমিনার। এ ছাড়া থাকবে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার, গেমিং, কুইজ প্রতিযোগিতা ও র্যাফেল ড্রর মতো নানা আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশের মূল্য ২০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। বিস্তারিত জানা যাবে www.bcsictworld.com.bd ঠিকানায়। —জিয়াউর রহমান চৌধুরী