ঢাকায় 'গুগল আই/ও এক্সটেন্ড বাংলাদেশ'

ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে ১৮ মে থেকে শুরু হতে যাচ্ছে প্রযুক্তি সম্মেলন গুগল আই/ও। এই সম্মেলন উপলক্ষে গুগল ডেভেলপারস গ্রুপ বাংলা ঢাকায় আয়োজন করছে ‘গুগল আই/ও এক্সটেন্ড বাংলাদেশ’। এতে উপস্থিত দর্শকদের জন্য থাকবে প্রযুক্তি–বিষয়ক আলোচনা ও ক্যালিফোর্নিয়া থেকে সরাসরি গুগল আই/ও সম্প্রচার দেখার ব্যবস্থা।
জিডিজি বাংলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টেক টক’ শীর্ষক প্রযুক্তি–বিষয়ক আলোচনা অংশে উপস্থিত থাকবেন গুগলের সাবেক কান্ট্রি কনসালট্যান্ট খান মোহাম্মদ আনোয়ারুস সালাম এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিভাগপ্রধান কাজী হাসান রবিন, গুগল উইমেন টেকমেকার বাংলাদেশ লিড ফারাহ নাফিযা প্রমুখ।
আনোয়ারুস সালাম বলেন, ‘এই সম্মেলন থেকে গুগলের পরবর্তী প্রযুক্তি আর চমকের ঘোষণা আসে। গুগল আই/ও এক্সটেন্ড কর্মসূচির মাধ্যমে গুগলের নতুন প্রযুক্তি সবার কাছে পরিচয় করিয়ে দেওয়া যাবে। অনুষ্ঠান শুরু হবে ১৮ মে রাত ১১টা থেকে, চলবে সকাল ছয়টা পর্যন্ত। অনুষ্ঠান পৃষ্ঠপোষকতায় রয়েছে অন্যরকম বিজ্ঞান বাক্স ও ইকমার্স প্রতিষ্ঠান ওখানেই ডটকম।
উল্লেখ্য, গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস বলেন, গত বছর জিডিজি সামিটে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করা হয়। গুগল অনুবাদে মাতৃভাষার জন্য সবচেয়ে বেশি অবদান রেখে নজির সৃষ্টি করার জন্যই এ প্রশংসা পায় বাংলাদেশ।
অনুষ্ঠানে যুক্ত হতে গুগল আই/ও এক্সটেন্ডের ইভেন্ট পেজ (https://goo.gl/fvavRW) থেকে তথ্য জানা যাবে।