ঢাকায় ‘মাইক্রোসফট অ্যাপ-অ্যা-থন’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) দিনব্যাপী অ্যাপ্লিকেশন তৈরির ম্যারাথন ‘মাইক্রোসফট অ্যাপ-অ্যা-থন’-এর আয়োজন করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ৩ নভেম্বর শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে উইন্ডোজের অ্যাপ্লিকেশন তৈরির এ ম্যারাথন। বাংলাদেশে প্রথমবারের মত উইন্ডোজ ৮ নির্ভর অ্যাপ্লিকেশন তৈরির এ আয়োজনে নির্বাচিত ৮০ প্রতিযোগীর কাছ থেকে ৮০ টি নতুন অ্যাপ্লিকেশন তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের জন্য প্রতিযোগীদের তৈরি অ্যাপ থেকে আটটি অ্যাপ্লিকেশন জিতে নেবে ‘টপ অ্যাপ’ পুরস্কার। ৮০টি অ্যাপ্লিকেশনের মধ্যে উইন্ডোজ ৮-এর জন্য তৈরি চারটি অ্যাপ এবং উইন্ডোজ ফোনের জন্য তৈরি চারটি অ্যাপ জিতবে ‘টপ অ্যাপ’ অ্যাওয়ার্ড।অ্যাপ্লিকেশন ম্যারাথন ‘মাইক্রোসফট অ্যাপ-অ্যা-থন’ আয়োজনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের ৮ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পেশাদার ওয়েব ডেভেলপারদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছে মাইক্রোসফট। ঢাকা ইউনিভার্সিটির আইইটি, বুয়েট, এআইইউবি, এনএসইউ, কুয়েট, ব্র্যাক, ইউআইইউ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ওয়ার্কশপগুলো আয়োজন করেছিল মাইক্রোসফটের ক্যাম্পাস প্রতিনিধি ‘মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনারস’ (এমএসপিএস)।