ঢাবিতে আন্তহল কুইজ প্রতিযোগিতা ও কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সংসদের (ডিইউআইটিএস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ে ১৭টি হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুই দিনের ‘স্যামসাং আন্তহল কুইজ প্রতিযোগিতা’ শীর্ষক আয়োজন। পাশাপাশি গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ও আউটসোর্সিং-বিষয়ক কর্মশালা। বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে কর্মসংস্থান এবং সুযোগ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীরাই পারে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বেসিসের সভাপতি মাহবুব জামান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, স্যামসাংয়ের জ্যেষ্ঠ নির্বাহী নাজিমউদ্দিন আহমেদসহ অনেকে। অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এর আগে সকালে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ। এতে ইন্টারনেট নিরাপত্তা বিষয়ে কর্মশালা পরিচালনা করেন সেন্টার ফর টেকনোলজি ডেভেলপমেন্টের প্রধান কারিগরি কর্মকর্তা জাবেদ মোর্শেদ। এ ছাড়া আউটসোর্সিং বিষয়ে কর্মশালা পরিচালনা করে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ডেভসটিম। —জাহিদ হোসাইন