ঢেউয়ের তালে তালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিদা আকতার। ছবি: প্রথম আলো
নাহিদা আকতার। ছবি: প্রথম আলো

কক্সবাজার সমুদ্রসৈকতে দল বেঁধে ঢেউয়ে ঢেউয়ে ঘুরে বেড়ান একদল মেয়ে। এঁদের একজনের কথা একটু আলাদাভাবে বলতে হয়। কেননা, ২০১৩ সালে ১২তম সার্ফিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। উত্তাল সমুদ্রে সার্ফিং করার ফাঁকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান পর্যটকদের। এই সার্ফারের নাম নাহিদা আকতার।
একদিন বাড়িতে টেলিভিশন দেখছিলেন নাহিদা। হঠাৎ একটি চ্যানেলে দেখেন, বিদেশি মেয়েরা ঢেউয়ের তালে তালে সার্ফিং করছেন। বড় বড় ঢেউ আসার পরও মেয়েরা সার্ফিং বোর্ডে ঘুরছেন। দৃশ্যটি দেখে মন জুড়িয়ে যায় নাহিদার। ‘মনে হয়েছিল আমিও যদি ওদের মতো সার্ফিং করতে পারতাম। তাহলে বিশাল সমুদ্রের কাছে নিজেকে সঁপে দিতাম।’ বললেন নাহিদা৷
কক্সবাজার শহরের ফিশারিঘাট এলাকায় তাঁর বাড়ি। জন্মের পাঁচ বছরের মাথায় নাহিদা বাবা নাগর আলীকে হারান। মা ও মেয়ের ছোট্ট সংসার। ফিশারিঘাটে ছোটখাটো মাছের ব্যবসা করে সংসার চলে তাঁদের। একদিন নিজের ইচ্ছার কথা মাকে বললেন। কথা শুনে চোখ কপালে তুললেন মা। সর্বনাশ! সাঁতার না জানা মেয়ে সমুদ্রে নামবে? তা-ও আবার সার্ফিং শিখতে? পাড়া প্রতিবেশীরা কী বলবে? সাফ বলে দেওয়া হলো, ‘গিরবের মেয়ে’র সার্ফিং করতে নেই৷
কিন্তু নাহিদা নাছোড়বান্দা। সার্ফিং তিনি শিখবেনই। একমাত্র মেয়ে বলে কথা। শেষ পর্যন্ত মা রাজি হলেন।
নাহিদার বয়স তখন মাত্র আট। ভর্তি হলেন সার্ফার জাফর আলমের ‘সার্ফিং ক্লাবে’। প্রথম তিন মাস নাহিদাকে শেখানো হলো বডিবোর্ড (শিক্ষানবিশদের জন্য সার্ফিং শেখার বোর্ড) সার্ফিং। সঙ্গে সাঁতার। বোর্ডের ওপর শুয়ে দুই হাতে পানি টেনে সামনের ঢেউ অতিক্রম করার পদ্ধতিটা রপ্ত হলো। এবার লংবোর্ড।
টানা তিন বছর নাহিদা লংবোর্ডে দাঁড়িয়ে সমুদ্রে সার্ফিং শিখেছেন। এরপর রপ্ত করে নেন শর্টবোর্ড নিয়ে সার্ফিং করার কৌশল।
সার্ফার জাফর আলম বলেন, ‘আমি ছাড়া একমাত্র নাহিদাই পারে বোর্ডে কুকুরসহ সার্ফিং করতে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে নাহিদা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করত।’
নাহিদা বলেন, ‘নানা সংকটের মধ্যেও আমরা সার্ফিংটাকে ধরে রেখেছি। কক্সবাজার সৈকতে সার্ফিং শিখতে অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া, ফ্রান্স, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা ছুটে আসছেন। আমরা তাঁদের প্রশিক্ষণ দিই।
১২ বছর ধরে সার্ফিং করছেন নাহিদা৷ কবে নিজেকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন, সেই স্বপ্ন দেখে চলেছেন প্রতিদিন৷