এবারের এসএ গেমসে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার, অথচ তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য ফেডারেশনের কর্মকর্তাদের কারও সময় হয়নি। সেদিন ফেডারেশনের কর্মকর্তারা আসলে কি কিছু নিয়ে ব্যস্ত ছিলেন? নাকি এর পেছনে লুকিয়ে আছে গোপন কোনো রহস্য? এ নিয়ে রস+আলো যথেষ্ট গবেষণা করেছে এবং বরাবরের মতোই কিছু যৌক্তিক (!) কারণ বের করে এনেছে।
সভার ব্যস্ততা
আসলে ফেডারেশন কর্মকর্তাদের কিন্তু ইচ্ছা ছিল মাবিয়াকে অভ্যর্থনা জানানোর। সে জন্য তাঁরা জরুরি সভাও ডেকেছিলেন। সভার বিষয়বস্তু ছিল মাবিয়াকে যাঁরা অভ্যর্থনা জানাতে যাবেন, তাঁরা গাড়িতে যাবেন, নাকি হেলিকপ্টারে যাবেন। দুপুরের খাবারে কী কী আইটেম থাকবে, সেখানে ফ্রি ওয়াই-ফাই দেওয়া হবে কি না ইত্যাদি। স্বাভাবিক নিয়মেই সকাল ১০টার সভা শুরু হয়েছিল বেলা তিনটায়। সেই সভা চলার সময়ই মাবিয়া বাংলাদেশে চলে আসেন। এই গুরুত্বপূর্ণ সভায় ব্যস্ত থাকার কারণেই কেউ মাবিয়াকে অভ্যর্থনা জানাতে যেতে পারেননি।
বিতর্ক প্রতিযোগিতার কারণে
শেয়ারবাজারের মতোই দেশে আজ স্বর্ণের দাম পড়তির দিকে। এ কারণে এসএ গেমস, এশিয়ান কিংবা অলিম্পিক গেমসের মতো বড় বড় প্রতিযোগিতায় সেরা বিজয়ীকে কি সোনার মেডেল দেওয়া উচিত নাকি লেটেস্ট মডেলের আইফোন দেওয়া উচিত—এ নিয়ে ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক চলে আসছিল। এই বিতর্কের অবসান ঘটাতে সেদিন ফেডারেশনের কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় গণহারে সবাই অংশ নিয়েছিলেন। ফলে সেদিন মাবিয়াকে অভ্যর্থনা জানাতে যাওয়ার মতো সময় কারও হাতে ছিল না।
‘অ্যাটাক’ দেওয়ার ব্যস্ততা
খেলাধুলা করা সবারই অন্যতম অধিকার। তাই যখন খেলোয়াড়েরা মাঠের খেলায় ব্যস্ত থাকেন, তখন ফেডারেশনের কর্মকর্তারা ব্যস্ত থাকেন মোবাইল ফোনে গেমস খেলায়। তা-ও আবার যে সে গেমস নয়, তাঁরা ব্যস্ত থাকেন হালের সবচেয়ে জনপ্রিয় ‘ক্ল্যাশ অব ক্ল্যানসে’। আর যাঁরা এই ক্ল্যাশ অব ক্ল্যানস খেলেন, শুধু তাঁরাই জানেন যে নির্ধারিত সময়ের মধ্যে ‘অ্যাটাক’ দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। মাবিয়া যেদিন দেশে ফিরলেন, সেদিন ফেডারেশনের কর্মকর্তারা সকাল থেকেই ‘অ্যাটাক’ দিতে ভীষণ ব্যস্ত ছিলেন। ফলে মাবিয়াকে অভ্যর্থনা জানানোর মতো যথেষ্ট সময় তাঁদের হাতে ছিল না।
দেশ ও জাতির কল্যাণ ভাবনা
ঢাকার রাস্তায় প্রতিদিনের দুর্বিষহ যানজটের অভিজ্ঞতা আমাদের সবারই আছে। তাই ফেডারেশনের কর্মকর্তারা চাননি মাবিয়াকে আনতে গিয়ে এই যানজট আরও দীর্ঘায়িত হোক। মূলত দেশ ও জনগণের কল্যাণের কথা বিবেচনা করেই কর্মকর্তারা সেদিন মাবিয়াকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হননি।
আত্মনির্ভরশীলতা বাড়াতে
ফেডারেশনের কর্মকর্তারা হচ্ছেন খেলোয়াড়দের অভিভাবক। আর অভিভাবক কখনোই চান না তাঁর সন্তান পরনির্ভরশীল হয়ে পড়ুক। ফলে কর্মকর্তারা চেয়েছিলেন যাতে মাবিয়া একা একাই রাস্তা চিনে বাড়ি ফিরে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাকি গবেষণা করে বের করেছেন, একা একা রাস্তা চিনে বাড়ি ফিরে এলে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। ফলে একা একা বাড়ি ফিরলে মাবিয়া আরও বেশি আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল হয়ে উঠবেন—এই প্রত্যাশার কারণেই মূলত সেদিন কেউ মাবিয়াকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হননি।