তথ্য উন্মুক্ত করার আহ্বান জানালেন ওয়েবের জনক
প্রতিটি দেশকেই তাদের জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার আহ্বান জানান ওয়েবের জনক স্যার টিম বার্নার্স লি। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এখন যেকোনো দেশের তথা সরকারের মানদণ্ড নির্ধারণের সময় দেখতে হবে, তারা জনগণের কাছে তথ্য উন্মুক্ত করার ব্যাপারে আসলে কতটা আন্তরিক ও আগ্রহী। তথ্যের উন্মুক্ততা এবং নেটওয়ার্কের নিরপেক্ষতার বিষয়টি মুক্ত মতপ্রকাশের স্বাধীনতার মতোই গুরুত্বপূর্ণ। তথ্যের উন্মুক্ততাকে জনগণের মৌলিক অধিকারের মধ্যে বিবেচনা করতে হবে।’ স্যার টিম বার্নার্স লি যুক্তরাজ্য সরকারের তথ্য প্রকাশ করার একটি প্রকল্পের উপদেষ্টা। এই প্রকল্পের অধীনে ওয়েবের (www.data.gov.uk) মাধ্যমে যুক্তরাজ্য সরকারের অনেক গোপনীয় ও পুরোনো তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে; যে কেউ ইচ্ছে করলে এ তথ্য দেখা এবং তা ব্যবহার করতে পারবে। জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বেশ কয়েকটি দেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। জনপ্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অনেককে জবাবদিহি করার সংস্কৃতিও চালু হয়ে গেছে ইতিমধ্যে। ব্রাজিলের রাজনীতিবিদের সম্পদের তথ্য নিয়ে একটি ওয়েবসাইট রাজনীতির পটপরিবর্তনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনকি ২০০৮ সালের নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রেও এই ওয়েবসাইটের ভূমিকা ছিল। ভারতও তথ্য অধিকার নিশ্চিত করার ব্যাপারে বেশ ভালো উদাহরণ রেখেছে। সে দেশে ২০০৫ সালের তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২০ লাখ তথ্য অনুসন্ধানের সদুত্তর দেওয়া হয়েছে। ভারতের সেন্টার ফর পলিসি রিসার্চের ইয়ামেনি আইয়ার বলেন, ‘ভারতে তথ্য অধিকার আইনের প্রতি ভারতীয় জনগণের খুব ভালো অংশীদারি তৈরি হয়েছে, যে কারণে এটি যথেষ্ট কার্যকর হয়েছে।’ ভারত আর ব্রাজিলের এই দুই উদাহরণ এখন বিশ্বের অন্যান্য দেশেও দেখা যায়। এমনকি যেসব দেশে জনগণের তথ্যপ্রাপ্তির বিষয়ে সরকারের তেমন কোনো ব্যবস্থা নেই, সেসব দেশেও সরকারকে জনগণের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে তাদের তথ্যপ্রাপ্তির অধিকার সুনিশ্চিত করার জন্য।—বিবিসি অবলম্বনে জাবেদ সুলতান