তথ্য ও জ্ঞানব্যবস্থা নিয়ে গাইবান্ধায় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারের মাধ্যমে জীবনমান উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানগুলো, ইউনিয়ন পরিষদ, স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। গত মঙ্গলবার গাইবান্ধার সাঘাটায় উদয়ন স্বাবলম্বী সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত অংশগ্রহণমূলক তথ্য ও জ্ঞানব্যবস্থা: পরিপ্রেক্ষিত সাঘাটা, গাইবান্ধা শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। সাঘাটা উপজেলাকে একটি তথ্যপ্রযুক্তিভিত্তিক অগ্রসর অঞ্চলে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উপজেলা পরিষদ ও উদয়ন স্বাবলম্বী সংস্থার যৌথ উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রধান অতিথি সাংসদ ফজলে হোসেন বলেন, সরকার সুশাসনের জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে, যা তৃণমূল জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করে তথ্য ও জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা বিনির্মাণের পথ উন্মোচিত করবে। খবর বিজ্ঞপ্তির।বিশেষ অতিথি গবেষণা প্রতিষ্ঠান ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান বলেন, ডিজিটাল বাংলাদেশের আওতায় জনগণের জবাবদিহিতা নিশ্চিত করে নাগরিক নিরীক্ষণ পদ্ধতির মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাঘাটা উপজেলা সর্বোপরি গাইবান্ধাকে এগিয়ে নেওয়া সম্ভব। কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রঞ্জিত কুমার দাস, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক সাহাদাত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শহীদসহ অনেকে। কর্মশালায় উপজেলার সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক সেবা প্রদানকারীদের প্রতিষ্ঠানের প্রদত্ত সেবা ও সুবিধা কীভাবে ডিজিটাল সাঘাটা হিসেবে রূপান্তর করতে কাজ করবে, তা নিয়ে আলোচনা করা হয়। সফলভাবে এসব কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি উদ্যোক্তা ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিবিড় কর্মসম্পর্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।