তথ্য ও যোগাযোগ নিরাপত্তাবিষয়ক সম্মেলন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে যোগাযোগ ও তথ্য নিরাপত্তাবিষয়ক চতুর্থ জাতীয় সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন বলেন, আইসিটি প্ল্যাটফর্ম এখন আর শুধু লোকাল এরিয়া নেটওয়ার্কের (ল্যান) মধ্যে সীমাবদ্ধ নয়, বর্তমানে তা ইনট্রানেট এবং ইন্টারনেটেও সম্প্রসারিত হয়েছে। ফলে একদিকে যেমন ব্যবসার যোগাযোগ নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্র সহজতর হয়েছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকিও বেড়েছে। খবর বিজ্ঞপ্তির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম, বর্তমান উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম মাওলা চৌধুরীসহ অনেকে। এতে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পড়েন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আবদুস সোবহান। সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা অংশগ্রহণ করেন।